Category: বাংলাদেশ

  • চলতি বছরেই ১৪ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

    চলতি বছরেই ১৪ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ ডিসেম্বর, ২০২৩: চলতি বছরেই ১৪ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে জাতীয় দিবস হিসেবে তালিকাভুক্ত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস।

    আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

    বুদ্ধিজীবীদের তালিকা তৈরির বিষয়ে মন্ত্রী বলেন, ‘গতকালও এ বিষয়ে আমাদের মিটিং হয়েছে। আশা করছি ২৬ মার্চের আগে তা সম্পন্ন হবে। আবেদনও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।’

    যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের একটা সংখ্যা আছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিচারও করা হচ্ছে। তবে যারা রাজাকার ও আলবদর ছিল তাদের সংখ্যা অনেক। তাদের সবার বিচার করা হয়নি। এসব যুদ্ধাপরাধীদের তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। তবে তালিকা তৈরির কাজ এখনো সম্পন্ন হয়নি।’

    প্রসঙ্গত, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখন ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সঙ্গে রাজাকার, আলবদর, আলশামস বাহিনী শেষ ঘৃণ্যতায় মেতে ওঠে।’

    ভবিষ্যৎ বাংলাদেশকে সম্পূর্ণ মেধাশূন্য করার নীল নকশায় শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে।

    পরিকল্পিত হত্যাযজ্ঞের পরবর্তীতে ঢাকার মিরপুর, মোহাম্মহপুরের রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায়। সেই থেকে ১৪ ডিসেম্বর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

    প্রতিবছরের ন্যায় এবছরও রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। কুয়াশা ভোরের আলো যত বাড়ছে, মানুষের চাপও তত বাড়তে থাকে।

    মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।

    শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন, অধ্যাপক মুনির চৌধুরী, ডা.আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড. মুর্তজা, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক ও সেলিনা পারভিনসহ আরও অনেকে।

  • বহির্বিশ্বের মতো আমরাও চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন: পররাষ্ট্রমন্ত্রী

    বহির্বিশ্বের মতো আমরাও চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ ডিসেম্বর, ২০২৩: বহির্বিশ্বের মতো আমরাও চাই একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । তিনি বলেন, আমরা নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপে নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রেসার (চাপ)। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি।

    আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন দাবি করেন।

    ড. মোমেন বলেন, ‘বহির্বিশ্ব আমাদের সহায়তার কাজ করছে। বহির্বিশ্ব চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারা এর সঙ্গে যুক্ত করেছে কোনো সংঘাত নয়। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপে নয়, নিজেদের চাপে আছি

    পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা নিজেদের ভ্যালুস (মূল্যবোধ) প্রমোট (উৎসাহিত করা) করি। আমরা চাই, আমাদের জনগণের প্রতি বিশ্বাস। জনগণের রায়টা আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনের সময় কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কোনো চ্যালেঞ্জ নেই।’

    বিএনপি বার বার দাবি করছে যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না, এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। কারণ যুক্তরাষ্ট্রও জ্বালাও-পোড়াও চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তাদের কাছ থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই।’

    ড. মোমেন বলেন,‘ গণতন্ত্রের যে মাইন্ডসেট এটা তাদের (বিএনপি) কাছ থেকে তারা (আমেরিকা) পায়নি। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি।’

  • শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

    শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ ডিসেম্বর, ২০২৩: রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রথমে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরেই সবার জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এসময় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

    আজ বৃহস্পতিবার (ডিসেম্বর ১৪) সকাল ৮টার দিকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলের তোরণ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ।

    শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে দলে দলে যোগ দেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের দলীয় স্লোগান দিয়ে মিছিল করে আসতে থাকেন।

    মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।’

    দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘১৯৭১ এর ১৪ ডিসেম্বর রাজাকার আলবদররা পরিকল্পিতভাবে এ দেশের মেধাবী সন্তানদের হত্যা করেছে। তারা এখনও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। কোনোভাবেই যুদ্ধাপরাধী ও রাজাকারদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।’

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য নানা অপপ্রয়াস চলেছে বিভিন্ন সময়ে। তাদের মধ্যে যেন একটা উপলব্ধি জাগ্রত হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গঠনে একটি স্বপ্ন রেখে গেছেন। সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য যে প্রত্যয়, তা থেকেই আমরা আজকে এখানে পুস্পস্তবক অর্পণ করেছি। যতদিন অসাম্প্রদায়িক ও  গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে, ততদিনে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে আমরা এখানে আসবো।

    বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা বলেন, ‘বুদ্ধিজীবী আমরা কাদের বলব? যারা শুধু স্কুল কলেজে পড়িয়েছে বা যারা সাংবাদিকতা করেছে তাদের?  কিন্তু গ্রামীণ স্তরেও অনেক বুদ্ধিজীবী ছিলেন। তাদের লেখনী ও অবদান সম্পর্কে লোক সমীক্ষা হওয়া প্রয়োজন। বাংলা একাডেমি সেই কাজটি করবে।’

  • শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার সমাধিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা

    শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার সমাধিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ ডিসেম্বর, ২০২৩: আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

    আজ বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

    এ সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে বিএনপি-জামাতের নেতৃত্বে অপরাজনীতি না থাকলে, দেশ আজ বহুদূর এগিয়ে যেতে পারতো। অনেকে ভেবেছিল, বুদ্ধিজীবী হত্যার রায় হলেও বাস্তবায়ন হবে না। কিন্তু অনেকের রক্তচক্ষু উপেক্ষা করেও যুদ্ধপরাধীদের বিচার হয়েছে, সামনেও হবে।’

    এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, ছাত্র ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, লালমাটিয়া বালিকা বিদ্যালয়, মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়সহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরাও এসেছিলেন রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

    এর আগে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বেদীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শহীদদের সম্মানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

    পরে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

    পরে একে একে শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

    এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতির প্রতি সম্মান জানান।

    পুষ্পস্তবক অর্পণের পর তিনি মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।

    এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জক, জাহাঙ্গীর কবির নানক ও মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহা উদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

    ১৯৭১ সালে স্বাধীনতা লাভের আগ মুহূর্তে ১৪ ডিসেম্বরের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, আল শামস ও রাজাকাররা জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

    এ নির্মম হত্যাকান্ডের মাত্র দু’দিন পর ১৬ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

    সূত্র: বাসস

  • প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ডিসেম্বর, ২০২৩: আজ বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অ্যাসিস বেনিতেজ সালাস প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যেকোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে।

    আজ বুধবার (১৩ ডিসেম্বর) স্পেনের রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী তাদেরকে (স্পেনের উদ্যোক্তারা) স্বাগত জানিয়েছেন। তারা বাংলাদেশে তাদের পছন্দের যেকোনো খাতে বিনিয়োগ করতে পারে।

    তিনি বলেন, সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

    স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, ‘অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর করতে এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী।’

    তিনি বলেন, স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো।

    বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

    ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে স্নাতক হওয়ার পরও বাংলাদেশের প্রধানমন্ত্রী স্পেনের কাছ থেকে জিএসপি+ সুবিধা চেয়েছেন।

    তিনি বলেন, ৬০ হাজার বাংলাদেশী স্পেনে কাজ করছে এবং তারা উভয় অর্থনীতিতে অবদান রাখছে।

    প্রধানমন্ত্রী কপ-২৫ এ যোগ দিতে ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে তাঁর সফরের কথা স্মরণ করেন।

    স্পেনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বিশেষকরে সামাজিক, রাজনৈতিক, আর্থিক ও নারী উন্নয়ন খাতে বাংলাদেশের নজিরবিহীন উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

    জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের সার্বিক উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

    নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সম্পর্কে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সর্বপ্রথম নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের উদ্যোগ নিয়েছিলেন এবং নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

    তিনি বলেন, ‘নারীদের ক্ষমতায়ন করতে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু, আমরা তা কাটিয়ে উঠেছি।’

    স্প্যানিশ রাষ্ট্রদূত কভিড-১৯ মহামারির সময় বাংলাদেশের ব্যবস্থাপনার প্রশংসা করেন যার জন্য হতাহতের সংখ্যা খুবই কম ছিল।

    জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কভিড-১৯ মহামারি মোকাবেলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।’

    প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ডিসেম্বর, ২০২৩: ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ নয়, নির্বাচন কমিশনের এমন নির্দেশনাই পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে জানিয়েছেন তিনি।

    আজ বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    তিনি আরও বলেন, ‘আলোচনা করে প্রয়োজন অনুসারে রেল পুলিশের সংখ্যা বাড়ানো হবে ।

    এর আগে, মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

    চিঠিতে ইসি বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী বছরের ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।

    এ অবস্থায়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত অন্য কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

  • নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ গাজীপুরের ট্রেন দুর্ঘটনা: সেতুমন্ত্রী

    নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ গাজীপুরের ট্রেন দুর্ঘটনা: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ডিসেম্বর, ২০২৩: নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ গাজীপুরের ট্রেন দুর্ঘটনা, বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ‘এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র, এই নাশকতার লক্ষ্যবস্তু হচ্ছে দেশের ৭ জানুয়ারির নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নাশকতার মাধ্যমে এই নির্বাচনকে বানচাল করা। ’

    আজ বুধবার (ডিসেম্বর ১৩) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, ‘আজকে তারা (বিএনপি-জামাত) গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছু প্ল্যানও আছে তাদের। তারা চায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, আজকে বাসে ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করা। এই সব অপকর্ম বিএনপি ও তাদের দোসররা করতে চায়।’

    তিনি বলেন, ‘আমরা সতর্ক পাহারা আরও জোরদার করছি। এবং আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব আছে, তারা তাদের দায়িত্ব পালন করবে। ’

    ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশে ব্যাপক ভোটারের উপস্থিতিতে একটা ভালো নির্বাচন হবে। আমরা ক্রমেই গণতন্ত্রকে ত্রুটি মুক্ত করার পদক্ষেপ নিতে যাচ্ছি। এই নির্বাচনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে। ’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সারা দেশে তারা যতই নাশকতা করুক মানুষ কিন্তু নির্বাচনমুখী হয়েছে। মানুষ এখন নির্বাচনমুখী, মানুষ ভোট দিতে উন্মুখ। ভোটাররা আজকে গ্রামে-গঞ্জে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ’

    তিনি বলেন, এই নির্বাচন আমাদের সফল করতে হবে। এই নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে এবং ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের পার্টি, আমাদের সমমনা দলগুলো সবাই আলাপ-আলোচনা করে যাচ্ছি।’

    এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

  • আজ থেকে চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন

    আজ থেকে চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ডিসেম্বর, ২০২৩: ঢাকা শহরের কর্মব্যস্ত মানুষের জন্য মেট্রোরেল আর্শিবাদ হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে এর যাত্রীসংখ্যা। কেননা সড়ক পথে এক স্থান থেকে অন্য স্থানে যেতে প্রচুর সময় লাগে যায় যানজটের কারণে। ইতিমধ্যে উত্তরা থেক মতিঝিল যাতায়াত করছে মেট্রোরেল। এই যাত্রা পথে আজ থেকে শুরু হলো দুটি নতুন স্টেশন।

    বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হলো। সকাল থেকে এ দুটি স্টেশনে থামছে ট্রেন। আর এ মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।

    এর আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বিজয় সরণি আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুটি বেশ কয়েকদিন আগেই পুরোপরি প্রস্তুত করা হয়েছে।

    মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বিজয় সরণি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে ট্রেনটি এখন উত্তরা নর্থ, উত্তরা সেন্ট্রাল, উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শেওড়াপাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশনে থামবে। যাত্রীরা সবগুলো স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

    ডিএমটিসিএলের ম্যানেজার প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, অন্যান্য স্টেশনের মতোই যাত্রীরা সকাল থেকেই স্টেশন দুটি ব্যবহার করতে পারছেন। তবে মেট্রোরেল চলাচলের সময় কিন্তু বৃদ্ধি করা হয়নি।

  • যারা ট্রেনলাইন কেটেছে তাদের পুলিশ খুঁজে আইনগত ব্যবস্থা নিবে: তথ্যমন্ত্রী

    যারা ট্রেনলাইন কেটেছে তাদের পুলিশ খুঁজে আইনগত ব্যবস্থা নিবে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ ডিসেম্বর, ২০২৩: যারা ট্রেনলাইন কেটেছে তাদের পুলিশ খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নিবে, বলে জানিয়েছেন তথ্য ওসম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিন বলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা মনে করছেন ট্রেনলাইন কেটেছেন তাদের পুলিশ খুঁজে পাবে না, পুলিশ অবশ্যই তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু নির্বাচনকে প্রতিহত করার লক্ষ্যে ক্রমাগতভাবে গুপ্তস্থান থেকে অবরোধের ডাক দেওয়া হচ্ছে। সেই অবরোধে দেশের মানুষের বিন্দুমাত্র সাড়া নেই। দেশের মানুষের সাড়া তো নেই, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেশের মানুষ স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে।

    সেই কাজকর্মকে ব্যাহত করতে ২৮ অক্টোবর থেকে ক্রমাগতভাবে গাড়িঘোড়ায় আগুন দেওয়া হচ্ছে দাবি করে সরকারের এ মন্ত্রী বলেন, গতকাল গাজীপুরে রেললাইনের ২০ ফুট কেটে দেওয়া হয়েছে। এতে ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। একজন যাত্রী নিহত ও অর্ধশত যাত্রী আহত এবং ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি রাজধানীতে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

    তিনি বলেন, তাদের এই তথাকথিত অবরোধ কোথাও পালিত হয়নি। কিন্তু এ পর্যন্ত সাড়ে ৩০০ যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গাড়িতে আগুন দেওয়া এ কোন রাজনীতি? পৃথিবীর কোথাও দেখিনি রাজনীতির নামে বাসে আগুন দেওয়া হয়। গাড়িতে আগুন দেওয়ায় এ পর্যন্ত ৭ জনের বেশি মানুষ নিহত ও বহু মানুষ আগুনে দগ্ধ হয়েছে। এই অপরাজনীতি অচিরেই বন্ধ হওয়া দরকার।

    তথ্যমন্ত্রী আরও বলেন, গাড়িঘোড়া পোড়ানো কি গণতান্ত্রিক আন্দোলন ? মানুষ পোড়ানো কি গণতান্ত্রিক আন্দোলন? এভাবে জনজীবন ব্যাহত করে জানমালের ক্ষতি করে কখনো গণতান্ত্রিক আন্দোলন নয়। এগুলো দেশবিরোধী, সন্ত্রাসী, জনবিরোধী কর্মকাণ্ড। তারা যে কর্মকাণ্ড চালাচ্ছে এগুলো বর্বরতা, হিংস্রতা, যা হিংস্র হায়নাকেও হার মানিয়েছে। তাদের এই অপরাজনীতি চিরদিনের মতো বন্ধ করতে হবে,

    জাতীয় পার্টির নির্বাচনে আসা নিয়ে কোনো আশঙ্কা রয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টির মহাসচিব এরই মধ্যে স্পষ্ট করেছেন তারা নির্বাচন করার জন্য নমিনেশন জমা দিয়েছেন এবং নির্বাচন করবেন। আমিও বিশ্বাস করি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল করবেন। আর জাতীয় পার্টি আমাদের দীর্ঘদিনের সহযোগী। গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য তারা সহযোগী হিসেবে কাজ করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের পরিস্থিতিতেও জাতীয় পার্টি আগের মতো সহযোগী হিসেবে কাজ করবে।’

  • গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

    গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১২ ডিসেম্বর, ২০২৩: গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এই সময় রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ রওশনপন্থি নেতা মসিউর রহমান রাঙ্গা ও কাজী মামুনুর রশীদ।

    আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান রওশন এরশাদ। তিনি গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাব দেন।

    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণভবন থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, জাতীয় পার্টির প্রতি সমর্থন কেন থাকবে।’

    রওশন এরশাদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচন, জাতীয় পার্টির চেয়ারম্যান, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাননি তিনি।’

    মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘আজ প্রধানমন্ত্রীকে বলেছি, অবৈধভাবে জিএম কাদের জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন। জাতীয় পার্টির একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে। জিএম কাদের অবৈধভাবে ক্যু করে পার্টি দখল করেছেন। দলের শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। তাদের মনোনয়নবঞ্চিত করেছেন। এ কারণে নির্বাচন বর্জন করেছেন রওশন এরশাদ। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা যেন না করা হয়। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করতে চাইলে যেন আমাদের সঙ্গে আগে আলোচনা করা হয়।’

    মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘দলের আড়াই থেকে তিনশ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

    তবে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবারের এ সাক্ষাৎ ‘কোন্দলে থাকা’ জাতীয় পার্টির জন্য ভিন্ন ‘অর্থ’ বহন করছে বলে ধারণা করা হচ্ছে।