Category: বাংলাদেশ

  • জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে: সেতুমন্ত্রী

    জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ ডিসেম্বর, ২০২৩: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেওয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।’

    আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। প্রার্থিতার বিষয়ে আজ বিকেল ৪টার মধ্যে ফাইনাল হবে।’

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিসহ কয়েকটি দল এই নির্বাচনকে ‘ভাগাভাগি’ বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২২শ প্রার্থী আছে, সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়?’

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও মির্জা আজম ।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাছাই শেষে ও আপিল নিষ্পত্তির পর বৈধতা পেয়েছেন দুই হাজার ২৬০ জন প্রার্থী। আজ বিকেল ৪টার মধ্যে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের কেউ নিজেকে ভোট থেকে সরিয়ে নিতে চাইলে রিটার্নিং কর্মকর্তার কাছে তা লিখিতভাবে জানাতে হবে।

    এবার ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলে এখন পর্যন্ত ২২৬০ জনের মতো বৈধ প্রার্থী রয়েছেন। ৩০০ আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করছেন অনেক প্রার্থীই। এরপর চূড়ান্ত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী; যারা ভোটের মাঠে প্রতীক নিয়ে লড়বেন।

  • বিজয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

    বিজয় দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ ডিসেম্বর, ২০২৩: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

    আজ শনিবার (১৬ ডিসেম্বর) ৫৩তম বিজয় দিবস উপলক্ষে ভোর ৬টা ৩৩ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপ্রধান। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

    বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ উপলক্ষে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে।

    পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুন সুর বেজে ওঠে।

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সেখানে রাখা একটি দর্শনার্থী বইতেও স্বাক্ষর করেন।

    বায়ান্ন বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। ত্রিশ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ।

  • ৫৩তম বিজয় দিবসে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

    ৫৩তম বিজয় দিবসে স্মৃতিসৌধে গণমানুষের ঢল

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ ডিসেম্বর, ২০২৩: আজ ৫৩তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ নয় মাসের যুদ্ধ শেষে চুড়ান্ত বিজয় লাভ করে। বিজয় দিবস উপলক্ষ্যে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। সঙ্গে সঙ্গে দলে দলে শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে থাকে রাজনৈতিক, স্বেচ্ছাসেবী, ও সরকারি-বেসরকারি সংগঠনসহ সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক। আও ছিলেন সাধারণ মানুষ। তাই স্মৃতিসৌধে নামে গণমানুষের ঢল। তিব্র শীত উপেক্ষা করে মানুষ ছুটে এসেছে ৭১এর শাহীদদের শ্রদ্ধা জানাতে।

    পরাধীনতার শিকল ছিড়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে লাখ লাখ বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। যে যুদ্ধে ৩০ লাখ বাঙালি মায়ের সন্তান শহীদ হন। তাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। সেই বাঙ্গালি মায়ের সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।

  • ৫৩তম বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ৫৩তম বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ ডিসেম্বর, ২০২৩: ৫৩তম বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তিনি আজ (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

    পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বাংলাদেশের মহান নেতা ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    পরে দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।

    সূত্র: বাসস

  • বিএনপি-জামায়াত দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়: সেতুমন্ত্রী

    বিএনপি-জামায়াত দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ ডিসেম্বর, ২০২৩: বিএনপি-জামায়াত অপশক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

    মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এরা এই দেশে শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, এদের আসল উদ্দেশ্য এদেশের রাজনীতির অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা।’

    তিনি বলেন, ‘আজকের দিনের অঙ্গীকার এই অপশক্তিকে আমরা রুখব। অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধ শক্তিকে প্রতিহত করব, পরাজিত করব। যেকোনো মূল্যেই দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চেষ্টা করে তাদের প্রতিরোধ করা হবে।’

    সেতুমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

    তিনি বলেন, ‘আজকে আমাদের এত সমৃদ্ধি, এত অর্জন, এত উন্নয়ন, এর মধ্যেও আমাদের অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এখনো অন্তরায় এখনো সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, বিএনপির নেতৃত্বে আজকে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করছে। আমাদের উন্নয়ন-অর্জনের পথে অস্তরায় সৃষ্টি করছে।

    সূত্র: বাসস

  • ৫৩তম বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

    ৫৩তম বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ ডিসেম্বর, ২০২৩: ৫৩তম বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটাকার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

    অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ও ব্যবহার করা হয়।

    এ সময় অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

    এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতেও পাওয়া যাবে।

  • শরিকদের প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হতে হবে: সেতুমন্ত্রী

    শরিকদের প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হতে হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ ডিসেম্বর, ২০২৩: শরিকদের প্রতিদ্বন্দ্বিতা করেই বিজয়ী হতে হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, ‘আমরা কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারবো না। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমারও বিজয়ের গ্যারান্টি নেই। আমাকেও চার জনের সঙ্গে লড়াই করতে হবে।  যদি তাদের মধ্যে কেউ জিতে যায়, আমাকে মানতে হবে। এখানে হার-জিতের প্রশ্ন হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে।’

    আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  ‘এখন শরিক দলের যত নেতা আছেন, তাদের সন্তুষ্ট-অসন্তষ্ট হওয়ার কিছু নেই। যার যার প্রতীকেই নির্বাচন করতে পারবে সবাই। তাদের কেউ বাধা দেয়নি, দেবেও না। তাদের সবার এবার নির্বাচন করার সুযোগ আছে। তারা যার যার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে। কারও ব্যাপারে কোনও বাধা নেই।

    জাতীয় পার্টি ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। ১৪ দলে কয়েকটি নৌকা দেবো। এরই মধ্যে আমি ১৪ দলের সমন্বয়ককে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। নির্বাচন তারা সবাই করুক, তাদের দলের প্রতীক নিয়ে, সাতটা নির্বাচনি এলাকায় আমরা নৌকার ছাড় দিতে পারব। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’

    সেতুমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে আলাপ আলোচনা চলছে। সবাই শুধু বিভিন্ন দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা বলেন। এই সময়টাকে, আমাদের এই অ্যালায়েন্সটাকে আমরা যতটা রাজনৈতিক মূল্য দিচ্ছি, আসনের ব্যাপারটা কম।’

    টিআইবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এবার ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি সহ কয়েকটি দল নির্বাচন থেকে দূরে রয়েছে। টিআইবি বলছে এখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। টিআইবির কাছে জানতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বুঝায়?। টিআইবি আর বিএনপি একই সুরে কথা বলছে।’

    তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের প্রাণ। সরকারি দল হিসেবে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আওয়ামী লীগের দায়িত্ব। যে  কোনো মূল্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে রেকর্ড করতে চায় আওয়ামী লীগ।

    আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নেওয়া ব্যবস্থাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশনের নেওয়া ব্যবস্থাকে স্বাগত জানাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনকে অংশগ্রহণমূলক করার ব্যবস্থা আওয়ামী লীগ সমর্থন করেছে। নির্বাচন কমিশনকে কোনোভাবে প্রভাবিত করছে না আওয়ামী লীগ।

    তিনি বলেন, এবার যে কোন মূল্যে আমরা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হিসাবে একটা রেকর্ড রাখতে চাই। নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিচ্ছে আমরা তা মেনে নিচ্ছি। নির্বাচনে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। নির্বাচন কেমন হয় তা দেখে লজ্জা পাবে বিএনপি। বিএনপির হ্যাঁ-না ভোটের পুনরাবৃত্তি এই নির্বাচনে হবেনা।

    তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচন এবার একটা ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন একটি নির্বাচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার। তিনি পরিস্কার করে বলেছেন দেশ-বিদেশে একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে এমন একটি নির্বাচন করবেন। যাতে জনগণ খুশি থাকে। অতীতে বিএনপি নির্বাচনের নামে জনগণকে প্রতারিত করেছে। এখন তা হবে না।

    বিজয় দিবসের কর্মসূচির বিষয়ে কাদের বলেন, সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে। ১৭ ডিসেম্বর আলোচনা সভা হবে। ১৮ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা করা হবে। সেদিন একযোগে সারা দেশে বিজয় শোভাযাত্রা করা হবে।

    সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • জাতিসংঘের স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই: তথ্যমন্ত্রী

    জাতিসংঘের স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ ডিসেম্বর, ২০২৩: জাতিসংঘের স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই, বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহবান একটি ভালো স্টেটমেন্ট। এ স্টেটমেন্টকে আমরা স্বাগত জানাই। কারা ভোটদানে বিঘ্ন সৃষ্টি করছে, ভোট প্রতিহত করার চেষ্টা করছে, আপনারা জানেন। বিএনপি-জামায়াত ঘোষণা দিয়েছে তারা ভোট প্রতিহত করবে। ভোটকেন্দ্রে যাতে মানুষ না যায়, সেজন্য তারা ভীতিসঞ্চার করছে, গাড়ি পোড়াচ্ছে, রেললাইন খুলে ফেলছে। আমি মনে করি এই বিবৃতি তাদের বিরুদ্ধে গেছে। কারণ এই বিবৃতি যারা ভোটকে প্রতিহত করতে চায়, তাদের বিরুদ্ধে।’

    আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যকরী পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে জাতিসংঘের সাম্প্রতিক বিবৃতি নিয়ে সাংবাদিকেদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

    হাছান মাহমুদ বলেন, ‘ওরা(বিএনপি জামাত) ২০১৩, ১৪ ও ১৫ সালে যেভাবে জ্বালাও-পোড়াও করেছিল, সেটি এখন পারছে না। এটিকে শূণ্যের কোঠায় নামিয়ে আনা আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে সরকার ও প্রশাসন কাজ করছে।’

    আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির আলোচনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা চলছে। যে কারো সঙ্গেই ‘স্ট্র্যাটেজিক এলায়েন্স’ হতে পারে।’

    এর আগে ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ডিআরইউ সংগঠনটি চমৎকারভাবে কাজ করছে। আমি অনেক আগে থেকে তাদের কার্যক্রমের সাথে যুক্ত, ভবিষ্যতেও থাকবো।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আজ সাংবাদিকদের জন্য একটি ভরসাস্থল উল্লেখ করে তথ্যমন্ত্রী সংগঠনগুলোর সাংবাদিকদের জন্য গ্রুপ ইনস্যুরেন্স করার পরামর্শ দেন। তিনি বলেন, এতে করে কেউ অসুস্থ হলে ও মৃত্যুবরণ করলে টাকা পাবে। এই সুবিধা দেশে কম।

    ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর নেতৃত্বে নবনির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যরা এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।  সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি,  তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, মুহিববুল্লাহ মুহিব ও মো. শরীফুল ইসলাম সাক্ষাতে অংশ নেন।

    সূত্র: বাসস

  • আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ২২৬০ জন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ২২৬০ জন

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ ডিসেম্বর, ২০২৩: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীর সংখা দুই হাজার ২৬০ জন।নির্বাচন কমিশনের (ইসি) আপিল কার্যক্রম শেষে এই প্রার্থীদের বৈধ ঘোষনা করা হয়।

    ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি। আর রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন।

    শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ৩৫টি আপিল দায়ের হয়েছিল রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। আর বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি, এ মোট ৫৬০টি আপিল দায়ের হয়েছিল।

    তিনি বলেন, ছয়দিনে (১০ থেকে ১৫ ডিসেম্বর) আপিল শুনানিতে বাতিল আপিলের বিরুদ্ধে ২৮০টি আপিল আবেদন কমিশন মঞ্জুর করেছেন। অর্থাৎ ২৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর  ৩৫টি গ্রহণ আপিল আবেদনের মধ্যে পাঁচটি মঞ্জুর বা পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে, দু’টি আপিল আবেদন খারিজ করা হয়েছে, ২৮টি নামঞ্জুর করা হয়েছে।

    অর্থাৎ ইসিতে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়াল দুই হাজার ২৬০জন। তবে এটিই চুড়ান্ত সংখ্যা নয়।

    ইসি কর্মকর্তারা জানান, এরই মধ্যে হাইকোর্টে দু’টি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা কমতে বা বাড়তে পারে।

    তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এদিন প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও মোট বৈধ প্রার্থীর সংখ্যা কমবে। ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। আর আগামী ৭ জানুয়ারী (২০২৩) অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

  • শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ১৪ ডিসেম্বর, ২০২৩: আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। প্রতি বছর এই দিনটিতে জাতি শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে।

    জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ বৃহস্পতিবার (ডিসেম্বর ১৪) সকাল ৭টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

    শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম দেন।

    বিউগলে বাজানো হয় করুণ সূর। কুয়াশা মোড়ানো শীতের সকালে পিনপতন নীরবতায় করুণ সেই সুরে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, তৈরি করে শোকের আবেশ।

    এরপর দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দ্বিতীয় বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

    শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আঙিনায় উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

    শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা ছেড়ে গেলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল নামে।