Category: বাংলাদেশ

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ জানুয়ারি, ২০২৪: টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

    প্রধানমন্ত্রীকে পাঠানো একটি অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, “কমনওয়েলথ সচিবালয় আপনার গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।”

    “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনঃনির্বাচিত হওয়ার পর আপনাকে লিখতে পেরে আমি আনন্দিত।’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি আপনার নতুন মেয়াদে দায়িত্ব পালন করার সাথে সাথে অনুগ্রহ করে আমার উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করুন।”

    বাংলাদেশ কমনওয়েলথ পরিবারের একটি মূল্যবান সদস্য উল্লেখ করে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, “আমাদের বৈচিত্র্যময় দেশগুলো শান্তি, গণতন্ত্র এবং টেকসই উন্নয়নসহ আমাদের সনদে প্রতিফলিত অভিন্ন মূল্যবোধের দ্বারা আবদ্ধ।”

    তিনি উল্লেখ করেন, কমনওয়েলথে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব তার সদস্যদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়। এর মধ্যে রয়েছে সমুদ্রের স্টুয়ার্ডশিপ এবং জলবায়ু পরিবর্তন, ডিজিটাল উদ্ভাবন, বাণিজ্য ও বিনিয়োগ, যুব, লিঙ্গ সমতা এবং মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো।

    ‘আমরা আপনার পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী পদে দায়িত্বে থাকাকালীন অগ্রাধিকারের সম্পূর্ণ পরিসীমা অর্জনে বাংলাদেশকে সমর্থন দেয়ার জন্য এই সহযোগিতা অব্যাহত রাখার এবং গড়ে তোলার অপেক্ষায় আছি।’

    কমনওয়েলথ মহাসচিব বলেন, “স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের জন্য বাংলাদেশের ঐতিহাসিক যাত্রা সম্পর্কে তিনি সচেতন।”

    তিনি বলেন, “দায়িত্ব গ্রহণের পর আপনি যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তাতে আমি উৎসাহিত হয়েছি, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির ওপর জোর দিয়েছে।”

    এ প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ উপদেশের কথাও স্মরণ করেন।

    তিনি বলেন, “এই মূল্যবোধগুলো আমাদের কমনওয়েলথ সনদে প্রতিফলিত হয়েছে, যা সহনশীলতা, শ্রদ্ধা বোঝার এবং টেকসই উন্নয়নের অনেকগুলো দিক অর্জনের আহ্বান জানায়। ”

    মহাসচিব বলেছেন, “তিনি জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ব্রুস গোল্ডিংয়ের নেতৃত্বে সাম্প্রতিক নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ একটি স্বাধীন পর্যবেক্ষকদের বিশেষজ্ঞ দল পাঠাতে পেরে আনন্দিত।”

    তিনি বলেন, “আমি টিমের প্রতিবেদনটি তার ফলাফল ও সুপারিশগুলো পাওয়ার জন্য এবং আপনার সাথে এগুলো নিয়ে আলোচনা করার সুযোগের অপেক্ষায় আছি।”

    প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেছেন, “আমি আপনাকে লন্ডনের মার্লবোরো হাউসে স্বাগত জানাতে এবং সামোয়াতে ২০২৪ সালের ২১ অক্টোবর অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী পরবর্তী কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) আপনার সাথে দেখা করার অপেক্ষায় রয়েছি।”

    শেষে তিনি উল্লেখ করেন, “আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি।”

    সূত্র: বাসস

  • ন্যাম সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

    ন্যাম সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ জানুয়ারি, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিতে  সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন । আজ শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।

    পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

    তিনি একইসঙ্গে যেকোনো বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং শান্তির সংস্কৃতির প্রচারের আহ্বান জানান।

    পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ১৯৭৩ সালে আলজিয়ার্সে ন্যাম শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের উত্তরাধিকার সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

    ড. হাছান মাহমুদ ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত এবং তাদের জন্য ন্যায়বিচার দাবি করেন।

  • শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা যোগাবে: প্রধানমন্ত্রী

    শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা যোগাবে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ জানুয়ারি, ২০২৪: শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা যোগাবে, কলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদের আত্মত্যাগ সবসময় আমাদের অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণা যোগাবে।”

    আজ শনিবার (জানুয়ারি ২০) শহীদ আসাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই দিনটি একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৯ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় চলমান মিছিলে পুলিশ গুলি চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন। এভাবে আরও অনেক প্রাণ ঝরে যায় এবং অনেকে আহত হন। পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক আচরণ, নির্যাতন এবং দমন-পীড়নে বাংলার মানুষ যখন দিশেহারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয়-দফা তখন বাঙালির মুক্তির দিশারী হিসেবে আবির্ভূত হয়। ছয়-দফা হয়ে ওঠে বাঙালির প্রাণের দাবি।”

    শেখ হাসিনা বলেন, “ছয়-দফার পক্ষে প্রবল জনমতের জোয়ার দেখে আতঙ্কিত সামরিক জান্তা আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করে, যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে সমধিক পরিচিত। বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষিত ছয়-দফা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলন নতুন মাত্রা পায়। বঙ্গবন্ধু শেখ মুজিব পরিণত হন নিপীড়িত ও নির্যাতিত বাঙালির মুক্তির মূর্ত প্রতীকে।”

    তিনি আরও বলেন, “কারাগারে আটক বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির দাবিতে গর্জে উঠে সারা বাংলার মানুষ। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র-জনতার চলমান মিছিলে পুলিশ গুলি চালায়। এতে আসাদুজ্জামান শহীদ হন এবং অনেকে আহত হন। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।”

    প্রধানমন্ত্রী বলেন, “স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণিপেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে। সেদিনের সেই আন্দোলন পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। জনতার কঠিন রুদ্ররোষ ও গণ-আন্দোলনের চাপের মুখে পাকিস্তানি স্বৈরসরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের।”

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এ দেশের স্বাধীনতা সংগ্রামে যাঁরা আত্মাহুতি দিয়েছেন তাঁদের অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি মনে করি, শহীদদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।”

    পরে শহীদ আসাদসহ বাঙালির মুক্তির সংগ্রামে আত্মোৎসর্গকারী সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

  • উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী

    উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ জানুয়ারি, ২০২৪: উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ এর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এ তথ্য জানান তিনি।

    ওবায়দুল কাদের বলেন, “মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হবে।

    শনিবার থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সকাল-সন্ধ্যা চালু হয়েছে। ফলে রাজধানীবাসীর দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান হলো।

  • জাতিসংঘের মহাসচিব অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে

    জাতিসংঘের মহাসচিব অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ জানুয়ারি, ২০২৪: টানা ৪র্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

    বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

    অভিনন্দন বার্তায় জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই।

    তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে প্রধান অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে জাতিসংঘ  গভীরভাবে মূল্যায়ন করে। আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্যও কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো সংস্কারসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমি আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আপনার সমর্থনের ওপর নির্ভর করতে পারি।

    তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • বিশ্বের আরও আটটি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে

    বিশ্বের আরও আটটি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ জানুয়ারি, ২০২৪: টানা ৪র্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, মিশর, লুক্সেমবার্গ, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্রাজিল শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।

    মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে সাধারণ নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

    তিনি বলেন “এই উচ্চ পদে আপনার পুনঃনির্বাচিত হওয়া আপনার দেশের জন্য আরও অগ্রগতি অর্জনের লক্ষ্যে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার দেশের জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিফলিত করে।”

    পৃথক বার্তায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

    তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী যে, ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে আমাদের দুটি দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আপনার নতুন মেয়াদে আরও গভীর ও সুদৃঢ় হবে।”

    আবদেল ফাত্তাহ বলেন, মিশর ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য আগামী বছরগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

    ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার অভিনন্দন পত্রে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার চতুর্থ মেয়াদে তার নেতৃত্ব দেয়ার প্রশংসা করেছেন যার নজির হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তার সরকারের উল্লেখযোগ্য অর্জন।

    তিনি শেখ হাসিনার পঞ্চম মেয়াদে বন্ধুত্বপ্রতীম দেশটির জনগণের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য সাফল্য কামনা করেন।

    লুলা দা সিলভা আশ্বাস ব্যক্ত করেন যে, সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ সবসময় ব্রাজিলের অবিচল অংশীদার হয়ে থাকবে।

    তিনি আশাবাদ প্রকাশ করেন, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুটি দেশ এ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করে যাবে।

    ২০২৩ সালটি ছিল দুটি দেশের সম্পর্কের জন্য অত্যন্ত ইতিবাচক। ব্রাজিলের প্রেসিডেন্ট জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে তার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা স্মরণ করেন যেখানে তাদের মধ্যে টেকসই উন্নয়নের পথ অনুসরণ করার এবং উভয় দেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণের বিষয়ে আলোচনা করার সুযোগ হয়েছিল।

    তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পারস্পরিক সম্মত সময়ে ব্রাজিল সফরের আমন্ত্রণ জানান।

    পৃথক চিঠিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, লুক্সেমবার্গের ভাইস-প্রধানমন্ত্রী পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী, সহযোগিতা ও মানবিক কর্মসূচি বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের সরকার ও জনগণের আরও কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

    এক অভিনন্দন বার্তায় তিনি লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদে শপথ গ্রহন করায় মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে  আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

    তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী হিসাবে আপনার মেয়াদে, আপনি এক দশকেরও বেশি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে আপনার দেশকে অসাধারণভাবে পরিচালনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ এশিয়ার অন্যতম সাফল্যের নজির হিসাবে আবির্ভূত হয়েছে।”

    সূত্র: বাসস

  • ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

    ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ জানুয়ারি, ২০২৪: জোট নিরপেক্ষ আন্দোলনের (এনএএম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ-৭৭ তৃতীয় দক্ষিণ সম্মেলনে (সাউথ সামিট) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে শুক্রবার উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    ঢাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রওনা হয়ে শুক্রবার বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ।

    ন্যামের প্রাক-শীর্ষ সম্মেলন সেশনে যোগদানরত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

    প্রতিনিধি দলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মো. এমদাদুল ইসলাম চৌধুরী মন্ত্রীর সাথে রয়েছেন।

    এই দুটি বহুপাক্ষিক সম্মেলনে যোগদান শেষে মন্ত্রী আগামী ২২ জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

    সূত্র: বাসস

  • ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ জানুয়ারি, ২০২৪: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে গণভবনে গিয়ে সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

    বৈঠকের পর চার্লস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় বলেন, বৈশ্বিক ও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মধ্যে।

    হোয়াইটলি’র উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো.নুরেলাহি মিনা বলেন, “গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবহনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বিদ্যমান যে সুবিধা পাচ্ছে তা আগামী দিনে আরও জোরদার হবে।”

    এ প্রসঙ্গে তিনি বলেন, “সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরাম সম্মেলনে ইইউ বাংলাদেশকে ৪০৭ মিলিয়ন ইউরো দিয়েছে।”

    ইইউ রাষ্ট্রদূত অস্ত্র ছাড়া সবকিছু (ইবিএ) সুবিধার আওতায় বাংলাদেশকে দেওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

    তিনি বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ার ও অঙ্গীকার করেন।

    ইইউ রাষ্ট্রদূত প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শেখ হাসিনা সরকারের গৃহীত উদ্যোগেরও ভূয়সী প্রশংসা করেন।

    বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী গত ৫০ বছরে তাঁর দেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

    শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার এই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।”

    প্রধানমন্ত্রী ইবিএ’র অধীনে অব্যাহত সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান এবং গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে আরো সহযোগিতা কামনা করেন।

    অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

    অন্যদিকে, গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলি। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

    সেখানে হুইটলি বলেন, “বৈঠকে ইইউ-বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। আপনারা জানেন, আমাদের অনেকগুলো এজেন্ডা রয়েছে। শিগগির নতুন পার্টনারশিপ কো-অপারেশন অ্যাগ্রিমেন্টে (পিসিএ) সই করতে যাচ্ছি আমরা। এটি অনেক ব্যাপক ও নতুন প্রজন্মের চুক্তি।”

    ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, “মধ্যপ্রাচ্য ও ইউক্রেন-রাশিয়ার সংঘাতসহ বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আমাদের কথা হয়েছে। এ বিষয়গুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আলোচনায় রোহিঙ্গা সংকটও উঠে এসেছে। এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে। আগামীতেও বহু বছর ধরে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।”

    হুইটলি বলেন, “আমাদের বৈঠক ছিল খুবই ফলপ্রসূ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইইউ-বাংলাদেশ সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করছি।”

    টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিভিন্ন দেশের সরকার, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হচ্ছে।

  • যারা মন্ত্রী হয়েছেন তারা এমপি হিসেবে কোনো কাজ করছেন না: আইনমন্ত্রী

    যারা মন্ত্রী হয়েছেন তারা এমপি হিসেবে কোনো কাজ করছেন না: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ জানুয়ারি, ২০২৪: যারা মন্ত্রী হয়েছেন তারা এমপি হিসেবে কোনো কাজ করছেন না, বলে ব্যাখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

    দেশে এই মুহূর্তে দুটি সংসদ কার্যকর এবং ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছেন বলে যে বিতর্ক উঠেছে, সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ওই ব্যাখ্যা দেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে জরুরি ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আইনমন্ত্রী।

    আইনমন্ত্রী বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ নিলেও সংসদে তারা কার্যভার গ্রহণ করার পর থেকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। আর আগামী ২৯ জানুয়ারি তারিখ পর্যন্ত একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা ঐ তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।”

    আইনমন্ত্রী জানান, ৩০ জানুয়ারি থেকেই নতুন সংসদ সদস্যরা এমপি হিসেবে সুযোগ-সুবিধা পাবেন। নতুন সংসদের অধিবেশন বসার পর বর্তমান সংসদ সদস্যদের মেয়াদ শেষ হবে।

    মন্ত্রী সংবিধানের ১২৩, ১৪৮ ও ৫৬ অনুচ্ছেদের ঊদ্ধৃতি দিয়ে বলেন, “উদ্দেশ্যমূলকভাবে কিংবা রাজনৈতিক কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা এমন বক্তব্য দিচ্ছেন। আর যদি সেটা না হয় তাহলে, তাদের সংবিধানের এইসব অনুচ্ছেদ সমন্ধে সম্যক জ্ঞান নেই।”

    আইনমন্ত্রী বলেন, “সংবিধানকে ঠিকভাবে ইন্টারপ্রেট না করে দেশে একসঙ্গে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছেন বলে বক্তব্য দেওয়া হচ্ছে। রাজনৈতিক কারণে সারা দেশে একটি বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া হচ্ছে। সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেটি সম্পর্কে তাদের ভালো জ্ঞান নেই। তারা উদ্দেশ্যমূলকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন।”

  • ২০ জানুয়ারি থেকে পুরো সময় চলবে মেট্রোরেল

    ২০ জানুয়ারি থেকে পুরো সময় চলবে মেট্রোরেল

    www.HelloBangla.News – জাতীয় – ১৮ জানুয়ারি, ২০২৪: আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

    তিনি বলেন, ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল।

    এমএএন ছিদ্দিক বলেন, আমাদের পরিকল্পনা ছিল মার্চের মধ্যে আগারগাঁও অংশের সঙ্গে মতিঝিল অংশের সমন্বয় করে সময় বাড়ানো। কিন্তু আমরা সম্প্রতি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি তাদের দাবি কী। তাদের সেই চাওয়া অনুযায়ী আগামী শনিবার থেকে মেট্রোরেলের সময় বাড়ানো হচ্ছে।

    গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে থামার মাধ্যমে মেট্রোরেলে এমআরটি লাইন-৬ এর ১৬টি স্টেশনেই ট্রেন থামা শুরু হয়।

    বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রো ট্রেন। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

    উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রো ট্রেন চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রো ট্রেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে যাতায়াত করছেন।