চীনে টর্নেডোর আঘাতে ৫ জন নিহত

Tornado kills 5 in China - International - 28 April 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ এপ্রিল, ২০২৪: জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে। কোথাও তীব্র গরম, অনেক দেশে হচ্ছে বন্যা, কোথাওবা হচ্ছে বজ্রবৃষ্টি ও টর্নেডো। এমনি এক বিরূপ আবহাওয়ার মুখোমুখি হয়েছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজৌতে হঠাৎ টর্নেডোর তাণ্ডবে পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেলে গুয়াংজৌর বেইয়ান এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় টর্নেডোটি। এতে ১৪১টি কারখানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়নি।

রাতেই নগরীর জরুরি বিভাগের উদ্ধারকর্মী, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পাঠায় প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ইতোমধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।