www.HelloBangla.News – অর্থনীতি – ৫ মে, ২০২৪: অর্থনীতিতে তিন সমস্যা যুক্ত হয়েছে, বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, “অর্থনীতিতে তিন সমস্যা যুক্ত হয়েছে। সেগুলো হলো প্রথমত, উচ্চ মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েছে। সরকারের নানা চেষ্টার পরও কোনো ফল আসেনি, মূল্যস্ফীতি কমানো যায়নি। দ্বিতীয়ত, দেশে অভ্যন্তরীণ ঋণের ঝুঁকি তৈরি হয়েছে। বৈদেশিক যে ঋণ রয়েছে, অভ্যন্তরীণ ঋণ তার দ্বিগুন। এটা আরও বড় সমস্যা ডেকে নিয়ে আসবে। এবং তৃতীয়ত, প্রবৃদ্ধির গতি কমেছে, আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।”
আজ রবিবার (৫মে) হোটেল লেকশরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজিএস আয়োজিত ‘নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধে তিনি একথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “এই তিন সমস্যা আগামীত বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেবে।”
তিনি আরও বলেন, “মূল্যস্ফীতি পিছিয়ে পড়া মানুষের শিক্ষা ও স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। ফলে বাল্য বিয়েও বাড়ছে। বিশ্বে মূল্যস্ফীতির পতন ঘটেছে, কিন্তু দেশে ধারাবাহিকভাবে বাড়ছে।”
জিডিপিতে ঋণের বোঝা আরও বাড়ছে জানিয়ে তিনি বলেন, “আমাদের যে সুনাম ছিল আমরা কখনো খেলাপি হই না, সে সুনাম আর থাকছে না। ইতোমধ্যে আমরা ৫ বিলিয়ন ডলারের দেনা এখনও আমরা দিতে পারছি না। আমাদের গর্বের জায়গায় চিড় ধরেছে। জিডিপিতে সরকারি ঋণ ৩৭ শতাংশ, ব্যক্তিখাতের ঋণ ৫ শতাংশ- সব মিলিয়ে ৪২ শতাংশ ঋণের বোঝা আছে সরকারের।”
জিডিপির লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে জানিয়ে দেবপ্রিয় বলেন, “সরকার ত্রৈমাসিক জিডিপির তথ্য দিচ্ছে। তাতে যা দেখা যাচ্ছে, গড় প্রবৃদ্ধি ৪ শতাংশ, লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে বাকি সময়ে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি করতে হবে- যা প্রায় অসম্ভব।”
বিশেষ সম্মানিত অথিতির বক্তব্যে একে আাজাদ বলেন, “সামাজিক নিরাপত্তা কর্মসূচি সরকারের একটও যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু জবাবদিহিতা ও সঠিক ব্যবস্থা না থাকলে ও দুর্নীতি রোধ না করা গেলে এই ভাল উদ্যোগ ব্যহত হবে।”
কেভিড-১৯ এর আগে অর্থনীতি ইতিবাচক ধারাতে ছিল, অর্থনীতির প্রবৃদ্ধি আট শতাংশে উঠেছিল। করোনা মহামারী, যুদ্ধ পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে অর্থনীতিতে দূর্বলতা সৃষ্টি হয়েছে। অর্থনীতির এ সব দুর্বলতা স্বীকার করে উত্তরণে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সেন্টার ফট পলিসি ডায়ালগের (সিপিবি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
অনুষ্ঠান বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।










