পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন জন

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন জন - আন্তর্জাতিক - ৩ অক্টোবর ২০২৩
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন জন - আন্তর্জাতিক - ৩ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News –  আন্তর্জাতিক –  ৩ অক্টোবর, ২০২৩ : পদার্থবিজ্ঞানে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মার্কিন বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের।রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের তিনজনের নাম ঘোষণা করে।

পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করে, এমন পরীক্ষামূলক পদ্ধতির জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে।

মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয় ১৯০১ সালে। এরপর থেকে ১১৬ বার এই পুরস্কার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২২ জন সম্মানজনক এ পুরস্কার জিতেছেন। এরমধ্যে মার্কিন পদার্থবিদ জন বার্ডেন একমাত্র ব্যক্তি হিসেবে দুইবার এই পুরস্কার জেতার বিরল কীর্তি গড়েছিলেন।

পদার্থবিজ্ঞানে অনবদ্য অবদান রাখায় গতবছর যৌথভাবে এ পুরস্কার পেয়েছিলেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।

আগামীকাল বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর বৃহস্পতিবার (৫ অক্টোবর) সাহিত্যে এবং শুক্রবার (৬ অক্টোবর) শান্তিতে নোবেলজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

এদিকে নোবেল পুরস্কার ঘোষণার ক্ষেত্রে খুবই গোপনীয়তা বজায় রাখা হয়। যে বা যারা এ পুরস্কার পান— আনুষ্ঠানিক ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে তাদের এ ব্যাপারে অবহিত করা হয়।

পূর্ববর্তী সরকার সবসময় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশে থাকবে: রাষ্ট্রপতি
পরবর্তী ডেঙ্গু প্রতিরোধে ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনে’র মশারি বিতরণ