যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল তারাই গুজব ছড়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

গুজবকারীরা পার পাবে না স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২০ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
গুজবকারীরা পার পাবে না স্বরাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২০ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২০ অক্টোবর, ২০২৩: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল, তারাই গুজব ছড়ানোর চেষ্টা করে । এদের বিরুদ্ধে আমাদের নিরাপত্তা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।

আজ শুক্রবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপ আয়োজিত শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর সাইবার জগতে গুজব ছড়িয়ে দেওয়া হয়। আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে।’

তিনি বলেন, ‘যারাই গুজব ছড়াচ্ছে, অল্প সময়ের মধ্যেই আমরা তাদের শনাক্ত করে ফেলছি। কাজেই গুজব রটিয়ে তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সব দিকে দেখে খেয়াল রাখছে।’

কুমিল্লা আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহারের পূজা নিয়ে দেওয়া বক্তব্যে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা তার ব্যক্তিগত বক্তব্য। আমরা সবাই তাকে এ রকম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি। কুমিল্লায় সর্বোচ্চ সতর্কতা নিয়ে সবাই তৈরি আছে।’

সরা দেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

পূর্ববর্তী হামাস ও পুতিন প্রতিবেশী গণতান্ত্রিক দেশকে নিশ্চিহ্ন করতে চায়: বাইডেন
পরবর্তী বিএনপির নেতারা সত্য কথা বলার মানসিকতা হারিয়ে ফেলেছেন: সেতুমন্ত্রী