www.HelloBangla.News – জাতীয় – ৬ জুন, ২০২৪: সংকটের সময়ে এই বাজেট বাস্তবসম্মত ও গণমুখী, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটের সময়ে বাস্তবসম্মত ও গণমুখী”।
আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, “সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও ফোকাসটা থাকবে৷ বাস্তবসম্মত হয়েছে এই বাজেট”৷
বাজেট প্রণয়নে আইএমএফ-এর কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, “কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি৷ শেখ হাসিনার সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না”।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শুক্রবার নয়, শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাচ্ছেন”৷










