www.HelloBangla.News – বিনোদন – ১৪ নভেম্বর, ২০২৩: কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। অপরদিকে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষদের কাছে কবি নজরুল খুবই জনপ্রিয়। কবিকে বলা হয় বিদ্রোহী কবি, মানবতা ও সাম্যের কবি। কিন্তু আমাদের জাতীয় কবির একটি গানকে ভারতের একটি হিন্দি ছবিতে ব্যবহার করার পর শুরু হয়েছে প্রতিবাদ। সেখানে বলা হয়েছে ছবিটিতে গানটির সুর বিকৃত করা হয়েছে। ‘পিপ্পা’ নামের সেই ছবিটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। অপর দিকে গানটির সুর দিয়েছেন ভারতের অন্যতম সুরকার এ আর রহমান। পিপ্পা ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। এ ছবিতে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে সুর বিকৃতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এক যোগে শুরু হয়েছে প্রতিবাদ। বিগত কয়েকদিনে বাংলার সাংস্কৃতিক জগতের বিশিষ্ট জনেরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু রাবিবার পর্যন্ত ছবির নির্মাতা বা রহমান কারও পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে সোমবার বিকেলে এই বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর (রায় কাপুর ফিল্মস)। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি পোস্ট তারা লিখেছেন, “এই গানকে ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি। ”
এরই সঙ্গে নির্মাতারা লিখেছেন, “কাজী নজরুল ইসলাম এবং তার সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে। ”
এরই সঙ্গে নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল সে কথাও ওই বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে নজরুল পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে অনির্বাণ জানান, গানের কথা ব্যবহার করা হলেও সুর বদলানো যাবে না এই মর্মেই তারা নির্মাতাদের স্বত্ব দিয়েছিলেন। কিন্তু বিবৃতিতে রায় কাপুর ফিল্মস জানিয়েছে- গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।
সব শেষে ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যে হেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’
নির্মাতাদের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। আগামী দিনে স্বয়ং রহমান এই বিতর্কে কোনও প্রতিক্রিয়া দেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে অত্যান্ত জনপ্রিয় এই গানটির সুর বিকৃত করার কারণে বাংলাদেশে সামাজিক যোগযোগ মাধ্যমে চলছে প্রতিবাদ। অনেকে অবিলম্বে গানটিকে ‘পিপ্পা’ ছবি থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে।
এখানে উল্লেখ থাকে যে বিশিষ্ট পরিচালক জহির রায়হান ১৯৭০ সালে নির্মান করেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। ছবিটিতে প্রাসঙ্গিক ভাবেই তিনি ব্যবহার করেছিলেন ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। এতে একদিকে যেমন ছবিটির আবেদন অনেকাংশে বেড়ে যায় তেমনি ভাবে নজরুরের গানটিও তৎকালিন গণ জাগরণে বিরাট ভুমিকা রাখে।










