www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ ডিসেম্বর, ২০২৩: জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে গাজা ভয়ংকর ক্ষুধা সংকটে পড়তে যাচ্ছে । প্রায় দুই মাস ধরে গাজায় চলছে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ। সাতদিন পর্যন্ত যুদ্ধবিরতি ছিল। তখন কিছু ত্রাণসামগ্রী প্রবেশ করে। তা কিছু মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।কিন্তু ইসরায়েল আবার আবার গাজায় আক্রমন শুরু করলে ত্রান আসছেনা উপত্যকাটিতে।
তবে ডব্লিউএফপি বলছে, দুঃখের বিষয় হল, এই বিষয়ে যতটা এগোনো জরুরি ছিল, তা হয়নি।
সংস্থাটি বলছে, নতুন করে লড়াই শুরু হওয়ায় ত্রাণ বিতরণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে কর্মীদের জীবন বিপন্ন হতে পারে। সবচেয়ে বড় কথা, এর ফলে বেসামরিকরা বিপর্যয়ের মুখে পড়েছে। গাজায় ২০ লাখ মানুষের বেঁচে থাকার সম্বল হলো ত্রাণের এ খাদ্যশস্য।
ডব্লিউএফপি বলেছে, আমাদের কর্মীদের জন্য গাজা ভূখণ্ডে নিরাপদ, বাধাহীন ও দীর্ঘকালীন যাতায়াতের ব্যবস্থা চাই। তাহলেই তারা মানুষের কাছে জীবনদায়ী ত্রাণ পৌঁছে দিতে পারবে।
এটি আরও বলছে, একমাত্র দীর্ঘস্থায়ী শান্তি হলেই এ মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব। ডব্লিউএফপি তাই দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চায় এবং সমস্যার একটি রাজনৈতিক সমাধান চায়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার বলেছে, গাজা উপত্যকার পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে এবং মানবইতিহাসের ‘সবচেয়ে অন্ধকার সময়ের’দিকে যাচ্ছে। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ডব্লিউএইচওর প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন গাজার দক্ষিণ দিকের রাফাহ সীমান্ত থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে সাংবাদিকদের বলেন, মধ্য ও দক্ষিণ গাজা থেকে সরে যাওয়া লোকের সংখ্যা ‘বিশালভাবে বাড়ছে।’
অপর এক সংবাদে জানা গেছে গাজার দক্ষিণাঞ্চলীয় মূল শহর খান ইউনিসে হামাসের সাথে ইসরায়েলি সেনাদের তুমুল লড়াই চলছে। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের দুমাস পরে চলমান ভয়াবহ সংঘাত সম্পর্কে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে।










