
www.HelloBangla.News – জাতীয় – ১৪ নভেম্বর, ২০২৩: নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, কবে, কখন, কীভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হবে তা আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় আমি প্রেস ব্রিফিং করে জানাবো।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসি সচিব।
সাধারণত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ঘোষণা করেন। এবারও সে রেওয়াজ অব্যাহত থাকবে। অতীতে সব নির্বাচনে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বাংলাদেশ বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হতো।
এবার তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ সন্ধ্যায় ‘লাইভ’ সম্প্রচার হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টিও, সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০টায় জানিয়ে দেব।
বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই চিঠি তফসিল ঘোষণার বিষয়ে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব আরও বলেন, ডোনাল্ড লুর চিঠি সংলাপের কি না এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছে সেভাবে কাজ করবে।









