www.HelloBangla.News – বিনোদন – ১৮ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চীন দূতাবাসের যৌথ আয়োজনে “ভয়েসেস অব স্প্রিং: গোল্ডেন ড্রিমস” সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চীনের নতুন বর্ষ উদযাপন উপলক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশটির মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মণি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মণি বলেন, “বিগত দিনে চীন আমাদের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগলিক অখণ্ডতা এবং বাইরের হস্তক্ষেপ থেকে নিরাপদ থাকতে সহযোগিতা করেছে। আমাদের মহান নেতাদের যৌথ দিকনির্দেশনায় বাংলাদেশ-চীন সম্পর্কে অনেক উন্নতি হয়েছে। চীনের সহযোগিতায় ১৪টি মেগা প্রকল্প সম্পন্ন হয়েছে এবং চলছে। এসব মেগা প্রকল্পের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।”

দীপু মণি বলেন, “চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। আমরা আমাদের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে চীনের হিউয়েন সাং ও ফা-হিয়েনের লেখনি থেকে অনেককিছু জেনেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০ এর দশকে চীন ভ্রমণ করেছেন। দ্বি-পাক্ষিক সুসম্পর্কের ধারাবাহিকতায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নির্বাচিত হওয়ায় চীনের রাষ্ট্রেপতি শিজিন পিং ও প্রিমিয়ার স্টেট কাউন্সিল লি ছিয়াং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।”
মন্ত্রী আরও বলেন, “চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ে প্রাচ্যের দুটি সভ্যতার দ্বিপাক্ষিক উন্নয়ন হয়েছে। আজকের অনুষ্ঠানে ইউয়ান প্রদেশের সাংস্কৃতিক কর্মীদের ও বাংলাদেশের শিক্ষার্থীদের যৌথ পরিবেশনা থেকে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে।”
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বসন্তের মাধ্যমে চীনা বর্ষপঞ্জির শুরু হয়। সীমানা পেরোনো সে আয়োজনটি নানা দেশের পাশাপাশি হচ্ছে বাংলাদেশেও। এ উৎসবের মাধ্যমে চীন ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আগামী দিনে আরও বেশি গুরুত্ববহ হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনের ইউনান প্রভিন্সিয়াল কমিটি অব সিপিসির পাবলিসিটি বিভাগের ভাইস মিনিস্টার ও ইউনান প্রভিন্সিয়াল সিভিলাইজেশ্যন অফিসের ডিরেক্টর পেঙ বেঙ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও চীনের নতুন বর্ষ বরণ উপলক্ষ্যে ইউনান প্রদেশ থেকে আগত শিল্পীদল ও বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জাঁকজমকপূর্ণ আয়োজন উপভোগ করেন সন্মানিত অতিথি ও বিপুল সংখ্যক দর্শক।










