চিনির দাম বাড়ছে না

চিনির দাম বাড়ছে না - অর্থনীতি - ৭ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ৭ মার্চ, ২০২৪: প্রতিকেজি চিনির দাম ৭০ টাকাতেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকারি বিপণন সংস্থা (টিসিবি)। গতকাল  বুধবার (৬ মার্চ) ভর্তুকি মূল্যের চিনির দাম এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করার পর সমালোচনার মুখে পড়ে সরকারি সংস্থাটি। এর একদিন পর আজ বৃহস্পতিবার (৭ মার্চ) আগের দামেই চিনি বিক্রির সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, চিনির নতুন নির্ধারিত দাম বাতিল করে আগের দাম পুনর্বহাল রাখা হয়েছে। অর্থাৎ এখন প্রতিকেজি চিনি ৭০ টাকা কেজি দরে কিনতে পারবেন ক্রেতারা।

এর আগে ফ্যামিলি কার্ডধারীদের কাছে ৭০ টাকা কেজি দরে চিনি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। আর গত রমজানে প্রতিকেজি চিনির দাম ছিল আরও ১০ টাকা কম, প্রতিকেজি ৬০ টাকা।

এদিকে চিনির দাম বাড়িয়ে মার্চ মাসের মাসিক কর্মসূচি এবং পবিত্র রমজানের বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ দফায় একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১শ টাকা, প্রতিকেজি চিনি ১শ টাকা ও মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।

পূর্ববর্তী নারী দিবসে ৫ জয়িতাকে সম্মাননা দেওয়া হবে: মহিলা ও শিশু প্রতিমন্ত্রী
পরবর্তী অপুষ্টি ও পানিশূন্যতায় গাজায় ২০ জনের মৃত্যু