শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Students are protesting without understanding Home Minister - National - 13 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ১৪ জুলাই, ২০২৪: শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  তিনি বলেন, “শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে। কোটা আন্দোলনে উসকানিদাতা রয়েছে। শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে। বৃহস্পতিবারের ঘটনায় যে মামলা হয়েছে, তদন্তের পর তার সিদ্ধান্ত নেওয়া হবে।“

আজ রবিবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিয়েছে, কার দায়ী সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবে। যেহেতু একটি ঘটনা ঘটেছে সেটি তদন্ত হবে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো। তদন্তের আগে আমি কিছু বলতে পারছি না। “

মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কোটা আন্দলোনকারীরা, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তের পর যদি এটার মেরিড না থাকে তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। এখানে ২৪ ঘণ্টা, ১০ দিন, ২৪ দিন এগুলোর কোনো প্রশ্ন আসে না। তদন্তে যদি মামলার মেরিড থাকে তবে বিচার শুরু হবে।“

পুলিশের ব্যারিকেট ভেঙে আজও শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে, এ পরিস্থিতিতে কী ব্যবস্থা নেবেন? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা যা করছে আমার মনে হয় তারা না বুঝেই করছে। এটা পরিষ্কার যে আদালত বলেছে এ বিষয়ে আগামী ৮ আগস্ট শুনানি হবে। আদালত তাদেরও (শিক্ষার্থীদের) অংশগ্রহণ করতে বলেছেন। কিন্তু এগুলো না করে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করছে। এ বিষয়ে সব কিছুই এখন বিচারবিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই, কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করবো।“

পূর্ববর্তী কোটা বিষয়টি আদালতে বিচারাধীন তাই সরকার কোন সিদ্ধান্ত দিতে পারে না: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বিএনপি: সেতুমন্ত্রী