স্মার্ট শিশু গড়তে পারলে ‘ভিশন ২০৪১’ স্বপ্ন বাস্তবায়ন হবে: স্বাস্থ্যমন্ত্রী

Vision 2041 dream will be realized Health Minister - Health - 4 July 2024

www.HelloBangla.News – স্বাস্থ্য – ৪ জুলাই, ২০২৪: স্মার্ট শিশু গড়তে পারলে ‘ভিশন ২০৪১’ স্বপ্ন বাস্তবায়ন হবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ একটি প্রতিশ্রুতি যা ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার পরিকল্পনা। এ লক্ষ্যকে সামনে রেখে আমাদের গড়ে তুলতে হবে স্মার্ট শিশু যাদের জ্ঞান, বুদ্ধি এবং উদ্ভাবনী দক্ষতা আমাদের স্মার্ট বাংলাদেশ গঠনের মাধ্যমে ‘ভিশন ২০৪১’ স্বপ্নকে বাস্তবায়ন করবে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে ঢাকার মহাখালীতে আইসিডিডিআর,বি সাসাকাওয়া অডিটোরিয়ামে আইসিডিডিআর,বি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশে শিশুর প্রারম্ভিক বিকাশ কর্মসূচি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আইসিডিডিআর,বি আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত এমন একটি গবেষণা প্রতিষ্ঠান যা দেশের চিকিৎসা ও ব্যবস্থাপনায় বিশেষ অবদান রেখে চলেছে। বিশ্বের বিভিন্ন উন্নয়ন সংস্থা, গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে আইসিডিডিআর,বি গবেষণা, প্রশিক্ষণ, প্রকল্প বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার, আইসিডিডিআর,বি এর চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে একত্রিত হয়ে শিশুর প্রারম্ভিক বিকাশের বিষয়টিকে ত্বরান্বিত করার জন্য কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি গতকাল প্রধানমন্ত্রীকে বলছিলাম, আমি শুধু সোমবার আর মঙ্গলবার ঢাকা থাকবো আর বাকি কয়দিন সারা দেশের চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করব। আমি যদি উপজেলা, জেলা কমিউনিটি ক্লিনিক, হাসপাতাল এগুলোকে উন্নত করতে পারি, আমার রোগীর ওখানে যথাযথ চিকিৎসা হয় তাহলে ঢাকা শহরে রোগীদের ভীড় হবে না। আমরা সাধারণ মানুষের যাতে উপকার হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে। আইসিডিডিআর,বি তার জলন্ত প্রমাণ। তারা প্রশংসনীয়ভাবে গ্রামে-গঞ্জে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শিশুদের বিকাশ, স্বাস্থ্য ব্যবস্থাকে আরো সুন্দর করে আমরা যদি তাদেরকে যথাযথভাবে গড়ে তুলতে পারি তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাবো।”

সেমিনারে সভাপতিত্ব করেন আইসিডিডিআর,বির প্রধান নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদের। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

পূর্ববর্তী ৩৫০ জন এমপি মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করতে পারেন: প্রযুক্তি প্রতিমন্ত্রী
পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমিন্ত্রী