এলপিএলে ব্যাট-বল হাতে পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন সাকিব

এলপিএলে ব্যাট - বল হাতে দারুণ পারফরম্যান্স সাকিবের - খেলাধুলা - ২ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
এলপিএলে ব্যাট - বল হাতে দারুণ পারফরম্যান্স সাকিবের - খেলাধুলা - ২ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২ আগস্ট, ২০২৩: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট-বল হাতে আবারও ঝলসে উঠেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পর পর দুই ম্যাচেই ব্যাট –বল হাতে সফল বিশ্বসেরা এই অলরাউন্ডার। গতরাতে গল টাইটান্সের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩০ রান এবং বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব। তার অলরাউন্ড নৈপুন্যে গল টাইটান্স ৮৩ রানে হারিয়েছে বি-লাভ ক্যান্ডিকে। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষে ব্যাটিংয়ে ২৩ ও বোলিংয়ে ১ উইকেট নিয়েছিলেন সাকিব।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ৬০ রানে তৃতীয় উইকেট হারায় গল। এরপর ক্রিজে আসেন সাকিব।

সাকিবকে পেয়ে মারমুখী হয়ে উঠেন ক্রিজে থাকা নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৩তম ওভারেই ১শ রান পায় গল। ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে পরপর দু’টি ছক্কা মারেন সাকিব। ১৮তম ওভারে রান আউট হওয়ার আগে সাকিব ২টি ছক্কায় ২১ বলে ৩০ রান করেন ।
২৩ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৪ রানে আউট হন সেইফার্ট।

জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ক্যান্ডি। গল বোলারদের তোপে পাওয়ার প্লেতে ৩৬ রানে ৫ উইকেট হারায় তারা। নবম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট তুলে নেন সাকিব। পাকিস্তানের আসিফ আলিকে ৩ রানে শিকার করেন তিনি। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পান সাকিব। আরেক পাকিস্তানী আমির জামালকে ৬ রানে বিদায় দেন তিনি।

শেষ পর্যন্ত ১৭ বল বাকী থাকতে ৯৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। ব্যাট-বল হাতে সফল হলেও ম্যাচ সেরা হতে পারেনি সাকিব।

সূত্র: বাসস

পূর্ববর্তী একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই
পরবর্তী এসেনসিয়াল ড্রাগসে ৪৭৭ কোটি লোপাটের বিষয়টি অনুসন্ধান শেষে হাইকোর্টকে জানাতে নির্দেশ