শাহরুখ টাইগার চরিত্রের জন্য সালমানের নাম প্রস্তাব করেছিলেন

শাহরুখ সালমানের নাম প্রস্তাব করেছিলেন - বিনোদন - ১৫ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
শাহরুখ সালমানের নাম প্রস্তাব করেছিলেন - বিনোদন - ১৫ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – বিনোদন – ১৫ অক্টোবর, ২০২৩:  যশরাজ ফিল্মস প্রযোজিত ‘এক থা টাইগার ছবিটি মুক্তি পায় ২০১২ সালে। ছবিটি পারিচালনা করেন কবীর খান । ওই ছবিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ‘টাইগার’-এর চরিত্রে দর্শক ও সমালোচকদের মন জয় করেছিলেন সালমান। ভারতীয় এক গুপ্তচরের ভূমিকায় তাঁকে পছন্দ করেছিলেন অনুরাগীরা। জ়োয়ার চরিত্রে প্রশংসিত হয়েছিলেন ক্যাটরিনাও। বক্স অফিসেও দুরন্ত ব্যবসা করেছিল ‘এক থা টাইগার’।

ছবির সাফল্যের পর সূচনা হয়েছিল ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির। বছর পাঁচেক পরে ২০১৭ সালে মুক্তি পেয়েছিল দ্বিতীয় ছবি ‘টাইগার জ়িন্দা হ্যায়’। তার ছ’বছর পরে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। টাইগারের চরিত্রে সফল সালমানও। তবে ওই চরিত্রে যশরাজ-কর্তা আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিলেন অন্য এক তারকা।

জানা যায়, ‘এক থা টাইগার’ ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হওয়ার পরে টাইগার চরিত্রের প্রস্তাব নিয়ে প্রথমে নাকি শাহরুখ খানের কাছে গিয়েছিলেন আদিত্য। বলিউডের গুপ্তচর ঘরানার ছবি করতে আগ্রহও দেখিয়েছিলেন শাহরুখ। তার পরেও কেন ছবি থেকে সরলেন বাদশা?

শোনা যায়, অনিবার্য কারণে ‘টাইগার’-এর কাজ পিছিয়ে যাওয়ার পরে সেই সময় ‘জব তক হ্যায় জান’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শাহরুখ। প্রেমের ছবির ঠিক পরেই নাকি অ্যাকশন হিরোর চরিত্রে নিজেকে দেখতে চাননি তিনি। তাই সেই সময় ‘টাইগার’ ছবিটি থেকে সরে আসেন তিনি। তবে ওই ছবির জন্য সালমানের নাম সুপারিশ করেছিলেন শাহরুখ নিজেই। শাহরুখের বিচারবুদ্ধির উপর ভরসা রেখে আদিত্যও তার পরে সালমানকেই চূড়ান্ত করেন ‘এক থা টাইগার’-এর জন্য।

যশরাজের ‘স্পাই ইউনিভার্স’ তথা ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এর অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’। তবে ‘টাইগার’-এর সুযোগ ছাড়লেও যশরাজের ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এ জায়গা পেয়েছেন শাহরুখও।

‘পাঠান’-এর মাধ্যমে চলতি বছরের শুরুতেই ব্লকবাস্টার হিটের খাতা খুলেছে ওয়াইআরএফ। ওই ছবিতে শাহরুখের পাশাপাশি বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল ‘টাইগার’ সলমনকেও। আগামী ‘টাইগার ৩’ ছবিতেও সলমনের সঙ্গে বিশেষ চরিত্রে থাকছেন শাহরুখ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী টস হেরে ব্যাটিং করছে আফগানিস্তান
পরবর্তী ইসরায়েল-হামাস যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে