ডিএনসিসি এলাকায় সব স্কুলে পর্যায়ক্রমে বাস সার্ভিস চালু করা হবে: মেয়র আতিক

Bus service to all DNCC schools to be launched by Mayor Atiq - National - 3 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ৩ জুলাই, ২০২৪: ডিএনসিসি এলাকায় সব স্কুলে পর্যায়ক্রমে বাস সার্ভিস চালু করা হবে, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “বনানী এলাকায় ইংলিশ ও বাংলা মিডিয়াম অনেক স্কুল আছে। এই এলাকার স্কুল শুরু ও ছুটির সময় প্রচণ্ড যানজট হয়। গত ১২ মাস আমরা এখানের স্কুলের শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে প্রায় সাড়ে চারশ অভিভাবক আমাদের বাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন। আমাদের পরিকল্পনা এই স্কুলে (বনানী বিদ্যানিকেতন) সব ছাত্রছাত্রীকে এই সার্ভিসের আওতায় নিয়ে আসা। ২০টি বাসের মাধ্যমে এই স্কুলের প্রায় সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী যাতায়াত করতে পারবে।”

আজ বুধবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ছাত্রছাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুলবাস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, “অনেক স্কুল একটি বাচ্চার জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা নিচ্ছে। কিন্তু তারা কোনো বাসের ব্যবস্থা করছে না। আবাসিক এলাকায় স্কুলগুলোর কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। সময় এসেছে স্কুলবাস চালু করার। বাস চালু না করলে আমরা স্কুলগুলো বন্ধ করে দিতে বাধ্য থাকব।”

বিআরটিসির পুরাতন তিনটি বাস দিয়ে এই সার্ভিস উদ্বোধন করে মেয়র আতিক বলেন, “ছাত্ররা যেসব মাইক্রোবাসে গাদাগাদি করে আসতো এর থেকে শতভাগ নিরাপদ এই বাস। আমরা পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়াবো।”

ডিএনসিসি স্মার্ট স্কুলবাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য (এমপি) শবনম জাহান শিলা, খালেদা বাহার বিউটি, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী এআই খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী
পরবর্তী ভেজাল ওষুধের অব্যাহত ঝুঁকি আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী