www.HelloBangla.News – জাতীয় – ১৩ মার্চ, ২০২৪: সোমালিয়ায় জিম্মি নাবিকদের সুস্থভাবে ফেরত আনা হবে, বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “যেকোনো মূল্যে নাবিকদের সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তাদের নিরাপদে ফেরত আনতে, যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বসে নেই। এক মুহূর্ত বিক্ষিপ্ত না, আমরা সবাই সংযুক্ত আছি।”
বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ গতকাল মঙ্গলবার (১২ মার্চ) সোমালিয়ার দস্যুদের কবলে পড়েছে। ওই জাহাজে কর্মরত ২৩ জন বাংলাদেশি নাবিক দস্যুদের কাছে জিম্মি অবস্থায় রয়েছেন। সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অব ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে।
আজ বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযানগুলো সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা নেওয়ার লক্ষ্যে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ বাহিনীসহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি।”
তিনি বলেন, “আমাদের যে ২৩ জন নাবিক আছেন তাদের জীবনের নিরাপত্তার আমাদের কাছে ফাস্ট প্রায়োরিটি। আমাদের চেষ্টা চলছে নাবিকদের রক্ষা করা এবং জাহাজটিকে উদ্ধার করা।”
ভারতের সহযোগিতা চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “ভারতের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি।”










