পিতামাতাকে সম্মান করলে জীবনে সাফল্য অর্জন করবে: স্বাস্থ্যমন্ত্রী

Respecting parents will lead to success in life Health Minister - Health - 8 July 2024

www.HelloBangla.News – স্বাস্থ্য – ৮ জুলাই, ২০২৪: পিতামাতাকে সম্মান করলে জীবনে সাফল্য অর্জন করবে, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, অ্যাপ্রোনের মর্যাদাটা তোমাদের ধরে রাখতে হবে। তোমাদের যথাযথভাবে পড়াশোনা করে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। পিতামাতাকে সম্মান করতে হবে। পিতামাতাকে সম্মান করলে জীবনে সাফল্য অর্জন করবে।

আজ সোমবার (৮ জুলাই) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে এমবিবিএস প্রথম বর্ষ এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তোমাদের থাকার এবং বিভিন্ন সুযোগ সুবিধার অপ্রতুলতা রয়েছে। আমি রাতারাতি হয়ত পারব না। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সুযোগ সুবিধা বাড়াতে। তোমাদের ভালোভাবে রাখতে।”

তিনি বলেন, “তোমরা এই দেশের ভবিষ্যৎ। আমি আশা করব তোমরা ভালোমতো পড়াশোনা করে দেশের উপকার করবে। আমি বলব তোমরা অনেক ভাগ্যবান। চিকিৎসকদের অ্যাপ্রোন পরার যে সৌভাগ্য সেটা সবার হয় না।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি নিয়মিতভাবেই বিভিন্ন হাসপাতাল ক্লিনিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করব। আমার কাজ হচ্ছে রোগীরা স্বাস্থ্যসেবা ঠিকমতো পাচ্ছে না, ডাক্তাররা কর্মউপযুক্ত পরিবেশে কাজ করতে পারছে কিনা সেটা দেখা। রোগী এবং ডাক্তার উভয়েকেই সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। এজন্য স্বাস্থ্যসুরক্ষা আইন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেন। তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের অবকাঠামো পরিদর্শন করেন এবং এমবিবিএস প্রথম বর্ষ এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। স্বাস্থ্যমন্ত্রী এরপর হাসপাতালের প্যাথলজি বিভাগ, এমআরআই, আইসিইউ, পেডিয়াট্রিক্স আইসিইউ বিভাগ, সার্জারি বিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

এসময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খান, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের বিভাগীয় প্রধান এবং স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী চীনের বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তী ভবিষ্যতে রেলওয়ে প্রকল্পে জাপানের কাজ করার সুযোগ রয়েছে: রেলমন্ত্রী