রাইসির মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে

রাইসির মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে - জাতয়ি - ২১ মে ২০২৪
রাইসির মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে - জাতয়ি - ২১ মে ২০২৪

www.HelloBangla.News – জাতীয় – ২১ মে, ২০২৪: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

আজ মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে আগামী ২৩ মে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

একই সঙ্গে বৃহস্পতিবার নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যদের প্রথম জানাজার আয়োজন শুরু হয়েছে দেশটির তাবরিজ শহরে। এতে অংশ নিতে মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে।

বুধবার সকালে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি অব তেহরানে। ওইদিন বিকেলে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণসভার আয়োজন করা হবে।

এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসির মরদেহ নেওয়া হবে দক্ষিণ খোরাসান প্রদেশে। সেখানে আরেকটি জানাজার পর তার মরদেহ যাবে রাজাভি খোরাসান প্রদেশে। এটিই হবে ইব্রাহিম রাইসির শেষ গন্তব্য। সেখানে পবিত্র শহর মাশহাদে তার জানাজায় অংশ নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

পূর্ববর্তী দুর্নীতির বিষয়ে এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী ডলারের দাম বাড়লেও পণ্যের দাম একই পর্যায় রাখবো: বাণিজ্য প্রতিমন্ত্রী