সকাল থেকে রাজধানীতে মুষলধারায় বৃষ্টি

Torrential rains in the capital - National - 12 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ১২ জুলাই, ২০২৪: ক্যালেন্ডারের হিসাব বলছে আজ আষাঢ়ের ২৮ তারিখ। অর্থাৎ আর দুই দিন পরেই শেষ হবে বর্ষাঋতুর প্রথম মাস। আর এই সময়ে এসে আজ সকাল ৬টার পর থেকে রাজধানীতে মুষলধারায় বৃষ্টিপাত শুরু হয়েছে। অবশ্য সকাল ১১ টার দিকে বৃষ্টির বেগ কমে গেলেও আবহাওয়াবিদরা বলছেন আজ দেশে সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার (১২ জুলাই) ছুটির দিনের সকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। বিভিন্ন কাজে যারা বের হয়েছেন বৃষ্টিতে ভিজে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। পানি জমা রাস্তায় পথচারীদের বেহাল দশা। অবশ্য রাজধানীতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এই বৃষ্টিতে জলাবদ্ধতা খুবই স্বাভাবিক ব্যাপার।

রাজধানীতে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা রাজধানীজুড়ে ঝুম বৃষ্টি হয়েছে। এই তিন ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। যার ফলে দেশের সব বিভাগেই শুক্রবার রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্ববর্তী শিশুশ্রম আইনের ফেরে ৯০ মিনিট খেলতে পারবেননা স্পেনের ইয়ামাল
পরবর্তী কানাডায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে