আইনজীবী নিয়োগ করে কোটাবিরোধীরা সঠিক পথে হাঁটছেন: আইনমন্ত্রী

Law Minister - National - 9 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ৯ জুলাই, ২০২৪: আইনজীবী নিয়োগ করে কোটাবিরোধীরা সঠিক পথে হাঁটছেন, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “আমি শুনেছি, আপিল বিভাগের যে মামলা, সেখানে তারা (কোটাবিরোধীরা) পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। এই পক্ষভুক্ত হওয়ার দরখাস্ত নিয়ে আগামীকাল শুনানি হবে।”

আজ মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন, এটা সরকারের সিদ্ধান্তের বিষয় না, কোটার ইস্যুটি এখন সর্বোচ্চ আদালতের কাছে আছে। সর্বোচ্চ আদালত সেখানে সিদ্ধান্ত নিলে তারা সব পক্ষের কথা শুনে তারপরে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, “আমি মনে করছি, তারা সঠিক পথে হাঁটছেন। আমি যতদূর জানি, যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে, তখন এখন যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তাদের বক্তব্য পেশ করার জন্য আদালতে উপস্থাপন করার জন্য আইনজীবী নিয়োগ করেননি। তাদের বক্তব্য সেখানে দেননি। তারপরে মামলার রায় হলে সেটা আপিল বিভাগে আছে। সেখানে গতকাল পর্যন্ত তাদের কোনো আইনজীবী ছিল না। রাজপথে আন্দোলন করে বা চেঁচামেচি করে এটার নিরসন হবে না। এটা করলে যেটা হয়, এক পর্যায়ে হয়ত আদালত অবমাননাও হয়ে যেতে পারে।”

মন্ত্রী বলেন, “সে ক্ষেত্রে সঠিক জায়গা হচ্ছে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সবার বক্তব্য শুনবেন এবং সবার বক্তব্য শুনে আপিল বিভাগ ন্যায়বিচার করবেন। এটাই মনে হচ্ছে হবে। এটাই আমাদের আশা।”

পূর্ববর্তী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ যুক্তরাজ্যের নগরমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন
পরবর্তী এআইআইবি’র সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী