কোটা আন্দোলনকারীরা সবকিছু পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Agitators to return to educational institutions Home Minister - National - 11 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ১১ জুলাই, ২০২৪: কোটা আন্দোলনকারীরা সবকিছু পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, “যারা আন্দোলন (কোটা বিরোধী) করছে তারা শিক্ষিত, মেধাবী। তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবে? তারা নিশ্চয়ই সবকিছু পর্যবেক্ষণ করে (শিক্ষাপ্রতিষ্ঠানে) ফিরে যাবে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ যখন অপারগ হয়ে যায়, তখনই অ্যাকশনটা আসে। যখন অগ্নিসংযোগ ও ধ্বংস করতে যায়, যখন জান-মালের অনিশ্চয়তা তৈরি হয়, অনৈতিক কোনো পরিস্থিতি তৈরি হয়, তবে পুলিশ বসে থাকবে না।”

শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন অব্যাহত রাখার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,“ আদালতের যে নির্দেশনাটা এসেছিল, শিক্ষার্থীরা মনে করেছেন তাদের যে চিন্তা-ভাবনা, সেটা থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। সেজন্য তারা রাস্তায় চলে এসেছিলেন। আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশকে আমরা বলেছি, এদের ডিমান্ড যেটা আছে, সেটা আমরা শুনবো। কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলো ক্রস করে যাচ্ছে।”

তিনি বলেন, “বেশ কয়েকদিন হলো তারা (আন্দোলনরত শিক্ষার্থী) কিন্তু একই কাজ করছেন। এরই মধ্যে প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, যে নির্দেশনা হাইকোর্ট দিয়েছেন সেটি স্থগিত। যে মামলাটি চলছে সেটির রায় না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তাই হাইকোর্ট যে নির্দেশনা (কোটা বহাল করে) দিয়েছিলেন সেটি অচল, সেটি এখন নেই।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমার মনে হয় ছাত্রদের এক্ষেত্রে বোঝা উচিত, জানা উচিত। রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন? তাদেরও আত্মীয়-স্বজনকে বিভিন্ন কাজে ছুটতে হয়, হাসপাতালে যেতে হয়, চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তা বন্ধ করে দিলে কীভাবে চলবে?”

তিনি বলেন, “ছাত্ররা আদালতে গিয়ে তাদের যা বলার তা যাতে বলে। এটা স্পষ্ট সুন্দরভাবে বলে দিয়েছেন। কাজেই এরপর রাস্তায় থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই। তারা যেটা চেয়েছিলেন সেদিকেই তো যাচ্ছে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো, অযথা যাতে ভিড় না করেন। তারা তাদের লেখাপড়া ছেড়ে বসে থাকবেন, জনগণের দুর্ভোগ হবে। এটাও যাতে তাদের মাথায় থাকে।”

আসাদুজ্জামান খান আরও বলেন, “তাদের দাবির প্রতি সরকার সব সময় খেয়াল রাখছে। যেহেতু বিষয়টি কোর্টে আছে এজন্য কোর্টের মাধ্যমে এটি নিষ্পত্তি হবে।”

পূর্ববর্তী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে বিএনপি নতুন আন্দোলন পাঁয়তারা করছে: সেতুমন্ত্রী
পরবর্তী শিশুশ্রম আইনের ফেরে ৯০ মিনিট খেলতে পারবেননা স্পেনের ইয়ামাল