কবি মোহাম্মদ রফিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কবি মোহাম্মদ রফিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - জাতীয় - ৭ আগস্ট ২০২৩
কবি মোহাম্মদ রফিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - জাতীয় - ৭ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্যাতনামা কবি, লেখক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত এই মননশীল আধুনিক কবি বাংলা সাহিত্যে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বরেণ্য কবি মোহাম্মদ রফিক ১৯৪৩ সালে বাগেরহাটে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর বিভিন্ন কলেজে শিক্ষকতা করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি দীর্ঘ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রধান ছিলেন। ২০০৯ সালের ২৯ জুন তিনি অবসরেন যানস। অবসরের পর কবি মোহাম্মদ রফিক রাজধানীর মোহাম্মাদপুরে বসবাস করতেন।

১৯৬০ এর দশকে পাকিস্তান আমলে ছাত্র আন্দোলন ও কবিতায় এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন মোহাম্মদ রফিক। ১৯৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বৈশাখী পূর্ণিমা’ প্রকাশিত হয়। এরপর ১৯৭৬ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধুলার সংসারে এই মাটি’।

বরেণ্য এই কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো- কীর্তিনাশা (১৯৭৯), খোলা কবিতা ও কপিলা (১৯৮৩), গাওদিয়ায় (১৯৮৬), স্বদেশী নিশ্বাস তুমিময় (১৯৮৮), মেঘে এবং কাদায় (১৯৯১), রূপকথা কিংবদন্তি (১৯৯৮), মৎস্য গন্ধ্যা (১৯৯৯), মাতি কিসকু (২০০০), বিষখালি সন্ধ্যা (২০০৩), নির্বাচিত কবিতা (২০০৩), কালাপানি (২০০৬), নির্বাচিত কবিতা (২০০৭), নোনাঝাউ (২০০৮), দোমাটির মুখ (২০০৯), ত্রয়ী (২০০৯), মোহাম্মদ রফিক রচনাবলী-১ (২০০৯), মোহাম্মদ রফিক রচনাবলী-২ (২০১০)।

মোহাম্মদ রফিক একুশে পদক ছাড়াও বাংলা একাডেমি পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন। এরমধ্যে বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

সূত্র : বাসস

পূর্ববর্তী ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে পর পর দুই ম্যাচে হারিয়েছে ভারতকে
পরবর্তী ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা