বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে সবকিছুর দাম বেড়ে গেছে: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক কারণে সবকিছুর দাম বেড়ে গেছে বাণিজ্যমন্ত্রী - অর্থনীতি - ৮ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
বৈশ্বিক কারণে সবকিছুর দাম বেড়ে গেছে বাণিজ্যমন্ত্রী - অর্থনীতি - ৮ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ৮ নভেম্বর, ২০২৩: বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে সবকিছুর দাম বেড়ে গেছে, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  সাংবাদিকদের তিনি বলেন, দাম বেড়েছে এর প্রভাব কাটানো সম্ভব হবে, যদি আপনারা ইতিবাচক হন। বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে এটি হয়েছে। কাজেই এটি বিবেচনায় নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে না। এটি নির্ভর করে আপনারা কতটুকু ইতিবাচক হবেন, তার ওপর। তবে বিদ্যমান বাজার পরিস্থিতিতে শহরের দিনমজুর ও নিম্ন আয়ের লোকদের খুব কষ্ট হচ্ছে।

আজ বুধবার (৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন,  আমার এলাকার মানুষের কষ্ট নেই। কারণ তারা আলুর দাম পাচ্ছে। আমাদের তো কৃষিভিত্তিক এলাকা। একেক এলাকা একেক রকম। ঢাকা শহরে অনেক সমস্যা। কিন্তু আজ থেকে ২০ বছর আগে আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল, ২০০১ সালে। তখন আমি প্রথম নির্বাচন করি। আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা প্রসঙ্গে টিপু মুনশি বলেন, দেখুন, একশ ভাগ শান্তি ঠিক করা যায় না। কেউ খুশি হবেন, কেউ অখুশি হবেন। যারা খুশি না, তারা যদি ২০ হাজার টাকা বেতন পেতেন, তাহলে খুশি হতেন। আমাদের একটি জায়গায় আসতে হবে, যেখানে দুপক্ষেরই রক্ষা হয়। ১০০ ভাগ সন্তুষ্ট করা যায় না।

তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতনই কেবল বাড়ানো হয়নি, তাদের বেসিকের অ্যামাউন্টও বাড়ানো হয়েছে। আপনারা জানেন, সাড়ে ১২ হাজার টাকা বেতনের সঙ্গে দিনে তারা দুই ঘণ্টা ওভার টাইম করেন, একটা হাজিরা বোনাস পান। কাজেই যার বেতন সাড়ে ১২ হাজার টাকা, তিনি কিন্তু ১৬ থেকে ১৭ হাজার টাকা তুলবে। কথাটি সাধারণভাবে জানা যায় না। এরপরও প্রত্যেককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাতে মাসে অন্তত ৫০০ টাকা সাশ্রয় হবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেটা দেওয়া হয়েছে, সেটা ভালো দাবি করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, তারপরেও কিছু বাদ থেকে যায়। আমার মনে হয়, অধিকাংশ মানুষই সেটা মেনে নেবেন।

পূর্ববর্তী বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ
পরবর্তী বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে: সেতুমন্ত্রী