স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

Portugal beats Slovenia 3-0 to reach quarter-finals - Sports - 2 July June 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ২ জুলাই, ২০২৪: ফ্রঙ্কফুর্টে মুখোমুখি দুই দল স্লোভেনিয়া ও পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল স্লোভেনিয়া নির্ধারিত সময়ে কোনো গোল করতে দিলো না পর্তুগালকে। অবশেষে পর্তুগিজদের সামনে সুযোগ এলো। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে পেনাল্টি পেলো তারা। এমন এক মুহূর্তে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন রোনালদো। তার জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক জ্যান ওবলাক।

ফ্রাঙ্কফুর্টে সোমবার রাতে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগিজরা।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি কোনো দলই। অতিরিক্ত সময়ে রোনালদোর পেনাল্টি মিস ছাড়া তেমন কোনো আক্রমণ দেখা যায়নি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে স্লোভেনিয়ার প্রথম তিনটি শটই ঠেকিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কস্তা। বিপরীতে প্রথম তিন শট কাজে লাগাতে সক্ষম হন রোনালদো। ফলে শেষ দুইটি করে শট নেওয়ার প্রয়োজন হয়নি।

খেলার শুরু থেকেই এলোমেলো আক্রমণ শানায় পর্তুগাল। প্রথম ১৫ মিনিটেই দুবার সতীর্থের ক্রস ছয় গজ বক্সে পেয়েও মাথা ছোঁয়াতে পারেননি রোনালদো। ৩২তম মিনিটে রাফায়েল লেয়াও বক্সের বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক নেন রোনালদো, এবার বল ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। বিরতির আগে লেয়াওয়ের কাটব্যাক বক্সের বাইরে পেয়ে নিচু শট নেন জোয়াও পালিনিয়া। বল গোলরক্ষককে ফাঁকি দিলেও পোস্টে বাধা পায়।

দ্বিতীয়ার্ধে অবশ্য অল-আউট আক্রমণে যায় পর্তুগাল। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। এর মধ্যে নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। এবার দিয়েগো জটার থ্রু পাস বক্সে পেয়েও গোলরক্ষক ওবলাকের বরাবর শট নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। অতিরিক্ত সময়ে জটা বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। তবে স্পট কিক ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক।

পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে সবার আগে শট নিতে আসেন রোনালদো নিজেই। এবার আর মিস করেননি তিনি। পাশাপাশি জালে বল পাঠাতে সক্ষম হন তার দুই সতীর্থ বার্নান্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেস। বিপরীতে কস্তাকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছেন স্লোভেনিয়ার তিন খেলোয়াড়। তিনটি অসাধারণ সেভ করেছেন পোর্তোর গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি স্পট কিক ঠেকিয়ে দিয়েছেন তিনি। দারুণ নৈপুণ্যে দলকে তুলেছেন শেষ আটে।

পরের রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। আগের ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ফরাসিরা।

দিনের অপর খেলায় বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে সোমবার ১-০ গোলে জিতেছে ফরাসিরা। ডুসেলডর্ফে ম্যাচের ৮৫তম মিনিটে বেলজিয়ামের ইয়ান ভের্টোনেন নাম লেখান স্কোরশিটে, কিন্তু গোলটি আত্মঘাতী হওয়ায় সর্বনাশ হয় তার দলের। যাদের বিদায় নিতে হলো শেষ ষোলো থেকেই।

পূর্ববর্তী তিন দেশের রাষ্ট্রদূতরা আজ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন
পরবর্তী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের নির্দেশ