পর্তুগালকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

France beat Portugal in semi-finals - Sports - 6 July 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ৬ জুলাই, ২০২৪: ইউরো কাপে গতকাল রাতে ফ্রান্স ও পর্তুগালের মধ্যকার খেলায় নির্ধারিত ৯০ মিনিটের কোনো গোল হয়নি। তারপর খেলা গড়াল অতিরিক্ত সময়ে। ১২০ মিনিটেও কোনো ফল না আসায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাতে পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। মনে করা হচ্ছে, এর মধ্য দিয়ে ইউরো কাপ শেষ হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। হয়ত আর ইউরো কাপে দেখা যাবে না তাকে।

আগের ম্যাচে তিনটি পেনাল্টি বাঁচিয়ে নায়ক হয়েছিলেন দিয়োগো কোস্তা। এ দিন পাঁচটি শটের একটিও বাঁচাতে পারলেন না তিনি। ফলে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে সেমি নিশ্চিত করে ফরাসিরা।

রোনালদোর হতাশার রাতে হেসেছেন, উল্লাসে মেতেছেন তারই একসময়ের ভক্ত কিলিয়ান এমবাপ্পে। যদিও ফরাসি তারকা নিজে পুরো ম্যাচে প্রায় নিষ্প্রভ ছিলেন। অতিরিক্ত সময়ে উঠেও যান ফরাসি উইঙ্গার।

ম্যাচ শুরুর আগে সবার নজর ছিল শেষ ইউরো খেলতে নামা রোনালদো এবং ভাঙা নাক নিয়ে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পের ওপর। কিন্তু দুজনের কেউই আলো ছড়াতে পারেননি। মাস্ক পরে খেলতে নামা এমবাপ্পে তো অতিরিক্ত সময় শেষও করতে পারলেন না। অবশ্য এর আগেই মুখে হালকা আঘাত পেয়েছিলেন তিনি। যে কারণে খেলা শেষ করে আসতে পারেননি ২০১৮ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

ম্যাচে দুই দলই গোল মিসের মহড়া চালিয়েছে যেন। তুলনামূলকভাবে মিসের পাল্লা ভারী পর্তুগালের। ব্রুনো ফার্নান্দেস ও ভিতিনহার দারুণ দুটি প্রচেষ্টা বিফল করে দেন ফরাসি গোলরক্ষক মাইক মাইগনান। অন্যদিকে ফ্রান্সের রঁদাল কলো মুয়ানির শট রুবেন দিয়াসের পা ছুঁয়ে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর কিছুক্ষণ পর এদুয়ার্দো কামাভিঙ্গার কাছ থেকে নেওয়া শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

গোলশূন্য দুই অর্ধ শেষে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে প্রথমবারের মতো সুযোগ পান রোনালদো। সতীর্থের কাটব্যাকে বল পেয়ে কাছ থেকে শট নিয়েও বারের ওপর দিয়ে মারেন তিনি। এরপর আসলে বলার মতো কিছুই করতে পারছিল না দুই দলই।

টাইব্রেকারে প্রথম শটটি নেন রোনালদো নিজেই। অধিনায়ক হিসেবে প্রথম কাজটা সেরে বাকিদের সাফল্যের দিকে তাকিয়ে ছিলেন তিনি। কিন্তু ভাগ্যও শেষবেলায় সহায় হলো না রোনালদোর। তাকে হতাশ করলেন ফেলিক্স ও কস্তা।

এই জয়ের পর সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। আরেক কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়েছে স্প্যানিশরা। আগামী মঙ্গলবার মিউনিখে হবে স্পেন-ফ্রান্স মহারণ।

গতকালের খেলায় জার্মানিকে হারিয়েছে স্পেন

২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জয় তুলে নিয়েছে স্প্যানিশরা। স্টুটগার্ট অ্যারেনায় আজ দানি ওলমোর গোলে এগিয়ে গিয়েছিল স্পেন। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ভির্টৎসের গোলে সমতায় ফেরে জার্মানি। কিন্তু অতিরিক্ত সময়ে গিয়ে মিকেল মেরিনোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস দে লা ফুয়েন্তের দল।

পূর্ববর্তী মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত
পরবর্তী এমএসএস এ অ্যাডমিন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি