আন্দোলন দমনে পুলিশ প্রবিধান অনুসরণ করতে হাইকোর্টের নির্দেশ

www.HelloBangla.News – জাতীয় – ৪ আগস্ট, ২০২৪: ‘আন্দোলনে গুলি না চালানোর’ রিট খারিজের আদেশে হাইকোর্ট বলেছেন, যদি কেউ আইন লঙ্ঘন করে, তবে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করতে পারবে। আইনের লঙ্ঘন না হলে বা দাঙ্গা না বাঁধলে কোনো তাজা গুলি ব্যবহার করা যাবে না।

আজ রবিবার (৪ আগস্ট) সকালে শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং এস এম মাসুদ হোসাইন দোলনের দ্বৈত বেঞ্চ এই আবেদন খারিজ করে দেন।

দেশের প্রচলিত আইনে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে বলেই আদালত রিটটি খারিজ করে দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আন্দোলনকারীদের কেউ আইন ভঙ্গ করলে সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রিট খারিজ করলেও পুলিশ যেন বেআইনিভাবে আন্দোলনকারীদের উপর গুলি না চালায়, আদালত সেবিষয়ে নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী।

দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাইভ রাউন্ড বা তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯শে জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংস হয়। এতে এ পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়। যদিও সরকারি তথ্য বলছে, নিহতের সংখ্যা ১৫০ জন।

পূর্ববর্তী এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক: শিক্ষামন্ত্রী
পরবর্তী ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী সেন্ট লুসিয়ার জুলিয়েন