পিতৃত্বকালীন ছুটি কেন নয়, জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের

High Court rules on paternity leave - National - 9 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ৯ জুলাই, ২০২৪: দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গত সপ্তাহে ছয় মাসের শিশুকে নিয়ে করা আইনজীবীর রিটের শুনানিতে আজ মঙ্গলবার (৯ জুলাই) এ রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ।

তবে শিশুর পক্ষে আইনগত অভিভাবক হিসেবে হলফনামা করেছেন তার বাবা।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, জন প্রশাসন সচিব, আইন সচিব, সংসদ বিষয়ক সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, সমাজ কল্যাণ সচিব, স্বাস্থ্য সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকা মুখ্য— এই ধারণার পরিবর্তন হয়েছে। বাবার ভূমিকাও দিন দিন বাড়ছে। বিশেষ করে ঢাকার মতো ব্যস্ত শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেওয়ার সুযোগ সীমিত। এছাড়া, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মের হার আমাদের দেশে অনেক বেশি। সিজারের পর সুস্থ হতে মায়ের সময় লাগে।

এ সময়ে নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। পিতৃত্বকালীন ছুটির সুযোগ না থাকায় যারা নতুন বাবা হন, তাদের স্ত্রী ও নবজাতকের দেখাশোনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়। বিশ্বের ৭৮টিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে।

এর আগে ২০১৯ সালে ওই শিশুর বড় ভাই নয় মাস বয়সে কর্মক্ষেত্র, শপিংমল, বিমানবন্দর, বাস স্টেশন, রেলওয়ে স্টেশনসহ জনসমাগম স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করেছিল। সে রুলের শুনানি শেষে গত বছরের ২ এপ্রিল হাইকোর্ট রায় দেন।

পূর্ববর্তী কোপা সেমিফাইনালে কানাডার বিপক্ষে খেলবেন মেসি
পরবর্তী শিক্ষার্থী এবং শিক্ষকদের আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছি: সেতুমন্ত্রী