www.HelloBangla.News – জাতীয় – ৩ জানুয়ারি, ২০২৪: এই মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রে করে কোনো ধরনের জঙ্গি হামলা, জঙ্গিদের মাথাচাড়া বা তাদের তৎপরতা কিংবা কোনো ঝুঁকি আমরা দেখছি না। আমাদের জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত দু’দিন আগেও আমরা একটি সংগঠনের মূল ব্যক্তিসহ অপারেশনাল কমান্ডারকে গ্রেপ্তার করেছি, যারা নতুন করে সংঘটিত হওয়ার চেষ্টা করছিল। এই মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই, জঙ্গিদের সেই সক্ষমতাও নেই।”
আজ বুধবার (৩ জানুযারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এ মেডিকেল ক্যাম্প আয়োজন করে ক্র্যাব।
সিটিটিসি প্রধান আসাদু্জামান বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেসব সংসদীয় আসন রয়েছে, কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইন-শৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি হয়নি। প্রার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে তাদের প্রচার-প্রচারণা চালাচ্ছেন। উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে।”
আরেক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, “ভোট দেওয়া জনগণের সাংবিধানের অধিকার। সেই অধিকার প্রয়োগে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, জনগণ যাতে নিরাপদে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে সেজন্য ডিএমপির সব ধরনের প্রস্তুতি রয়েছে।”
নির্বাচনের ঠিক আগে কিংবা পরে রাজনৈতিক সহিংসতারর একটা শঙ্কার বিষয়ে সিটিটিসি প্রধান বলেন, “এ ধরনের নাশকতা বা অরাজকতা যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো প্রতিহত করার জন্য সক্ষমতা ও প্রস্তুতি আমাদের রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এবং তার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এর আগে যারা নাশকতার সঙ্গে জড়িত ছিল, সেই মাস্টারমাইন্ডসহ এর পেছনে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে, আনা হচ্ছে।”
নির্বাচনের আগে এবার ট্রেনে নাশকতার প্রসঙ্গে ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, “রেলে নাশকতা নিয়েও আমরা কাজ করছি। বিভিন্ন স্থানে রেলে নাশকতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে রেলে বড় দুটি নাশকতার ঘটনার একটির মাস্টারমাইন্ডসহ যারা রেললাইন কেটেছিল তাদের আমরা গ্রেফতার করেছি।”
তিনি আরও বলেন, “কোনো নাশকতাকারীকে আমরা ছাড় দেবো না, নাশকতা করে কেউ ছাড় পাবে না। বাংলাদেশ পুলিশের অনেক সক্ষমতা হয়েছে। আগামী দিনেও যেকোনো ধরনের নাশকতাকে আমরা নস্যাৎ করে দিতে পারবো।”










