বেনজীরের দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

Benazir not banned from leaving the country Foreign Minister - National - 3 June 2024
Benazir not banned from leaving the country Foreign Minister - National - 3 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ৩ জুন, ২০২৪: বেনজীরের (পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ) দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “তার দেশত্যাগে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কোর্টও দেয়নি, দুদকও দেয়নি। কারো ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি দেখার বিষয়, না কি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি তো তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন”।

আজ সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বেনজীর আহমেদকে ৬ জুন দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। কিন্তু তিনি তার এক মাস আগেই দেশ থেকে চলে যান”।

বেনজীর-আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি বলে অভিযোগ করছে বিএনপি। এ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। সরকারের কোনো হাত না থাকায় দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। ফলে উঠে এসেছে বিষয়গুলো। আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ”।

জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, “ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল। কোনো তথ্য-উপাত্তের ভিত্তিতে সেই প্রতিবেদন তৈরি করা হয়নি। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন করা হয়েছে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করতে”।

মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা হয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। ৩১ মে পর্যন্ত যে ডেডলাইন ছিল, সেটা যেন বর্ধিত করা হয়, সে বিষয়ে আলোচনা চলছে”।

তিনি আরও বলেন, “এ ক্ষেত্রে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করছি, মালয়েশিয়া যে ডেডলাইন ইমপোজ করেছে, সেটি যেন আরও কিছুদিন বাড়ানো হয়”।

পূর্ববর্তী এমন প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের ও দেশের ভাগ্য: মেয়র আতিক
পরবর্তী বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধীদের গভীর সম্পর্ক রয়েছে: সেতুমন্ত্রী