ইসরায়েলি হামলায় গাজায় ১০ হাজারের বেশি নারী নিহত

More than 10,000 women killed in Gaza - International - 29 May 2024
More than 10,000 women killed in Gaza - International - 29 May 2024

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ মে, ২০২৪: ইসরায়েল গত সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে। এই হামলায় নারী এবং কিশোরীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের নারী সংস্থার প্রধান। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সংস্থাটির নির্বাহী পরিচালক সিমা বাহাউস এ কথা জানান।

সিমা বাহাউস বলেন, “গাজায় গত সাত মাস ধরে চলা সংঘাতে ১০ হাজারের বেশি নারী প্রাণ হারিয়েছেন। রাফা শহরের নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা বিভিন্ন স্থানেও হামলা চালানো হচ্ছে। সেখানে একটি ছোট তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলায় বহু নারী ও শিশু নিহত হয়েছে। এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে।”

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বাহাউস বলেন, এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে কারণ নারী, তরুণী ও কিশোরী মেয়েরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে।

গাজায় আর কোনো স্থানই এখন নিরাপদ বলা যাচ্ছে না। যেসব এলাকা নিরাপদ ভেবে নিরীহ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল সেসব স্থানেও হামলা চালানো হচ্ছে। রাফার পশ্চিমাঞ্চলে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জনই নারী এবং কিশোরী।

গত কয়েকদিন ধরেই রাফার বিভিন্ন স্থানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এদিকে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে রাফায় বিমান হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আফ্রিকার দেশ আলজেরিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের তাণ্ডবে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮১ হাজার ১৩৬ জন। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ১৩৯। এছাড়া আরও বেশ কয়েকজনকে জিম্মি হিসেবে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে ফিলিস্তিনকে একটি রাষ্ট্রের মর্যাদা দিয়ে বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দিচ্ছে। যুদ্ধ বন্ধের আহ্বান করেছে বিশ্বের শান্তিকামি রাষ্ট্রগুলো। তার পরেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। বিষয়টি অবশ্যই উদ্বেগের।

পূর্ববর্তী তদন্তাধীন মামলায় গণমাধ্যমে বক্তব্য দেওয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ
পরবর্তী আগামী ১ জুলাই থেকে পানির দাম বাড়ছে