www.HelloBangla.News – অর্থনীতি – ২৪ জুন, ২০২৪: ২০২৩ সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন। তবে বিদেশিদের বছরে আয়ের তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই।
আজ সোমবার (২৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের (একে আজাদ) লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বছরে আয় সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নেই। গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০.৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ দেশে নিয়ে গেছেন।”
তিনি জানান, ভারতীয় নাগরিকরা ৫০ দশমিক ৬০ মিলিয়ন, চীন ১৪ দশমিক ৫৬, শ্রীলঙ্কা ১২ দশমিক ৭১, জাপান ৬ দশমিক ৮৯, কোরিয়া ৬ দশমিক ২১, থাইল্যান্ড ৫ দশমিক ৩০, যুক্তরাজ্য ৩ দশমিক ৫৯, পাকিস্তান ৩ দশমিক ২৪, যুক্তরাষ্ট্র ৩ দশমিক ১৭ ও মালয়েশিয়ার নাগরিকরা ২ দশমিক ৪০ মিলিয়ন ডলার নিয়ে গেছে। অন্যান্য দেশের নাগরিকরা ২১ দশমিক ৯২ মিলিয়ন ডলার নিজ দেশে নিয়ে গেছে।
সংসদে অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের এক লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, “চলতি বছর ৩১ মার্চ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর পাওনার পরিমাণ ৫১ হাজার ৩৯১ কোটি ৮৯ লাখ টাকা (প্রায়)।
অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৫৬টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি পাওনা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেনের (বিএডিসি) কাছে, পরিমাণ প্রায় ১৫ হাজার ৫৫০ কোটি টাকা।
এছাড়া বড় অংকের টাকার মধ্যে চিনিকলগুলোর কাছে পাওনা প্রায় সাত হাজার ৮১৩ কোটি টাকা। সার, রাসায়নিক ও ওষুধ শিল্পের প্রতিষ্ঠানগুলোর কাছে পাওনা সাত হাজার ২৫০ কোটি টাকা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কাছে পাওনা পাঁচ হাজার ১৮ কোটি টাকা। বাংলাদেশ বিমানের কাছে পাওনা চার হাজার ৪৪১ কোটি টাকা।










