ফিলিস্তিনিদের বৈধ জাতীয় অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবেনা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে শান্তি আসবেনা ফিলিস্তিনি প্রেসিডেন্ট - আন্তর্জাতিক - ২২ সেপ্টেম্বর ২০২৩
মধ্যপ্রাচ্যে শান্তি আসবেনা ফিলিস্তিনি প্রেসিডেন্ট - আন্তর্জাতিক - ২২ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ সেপ্টেম্বর, ২০২৩: ফিলিস্তিনিরা তাদের বৈধ অধিকার পুরোপুরি উপভোগ না করতে পারলে মধ্যপ্রাচ্যে কোন শান্তি হবে না বলে জানিয়েছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

মাহমুদ আব্বাস বলেন, ‘যারা মনে করেন যে, ফিলিস্তিনি জনগণ তাদের পূর্ণ ও বৈধ জাতীয় অধিকার উপভোগ ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করতে পারে তারা ভুল করবেন।’ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ এবং বিশ্বের দেশগুলোকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি বুঝতে বা মেনে নিতে পারি না যে আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রসহ আরো কিছু দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে নারাজ। এদিকে জাতিসংঘ ফিলিস্তিনকে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে।’

এ ব্যাপারে তিনি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের আবেদন জানান। এ সম্মেলনে মধ্যপ্রাচ্য শান্তি অর্জনের সাথে সংশ্লিষ্ট সকল দেশ অংশগ্রহণ করবে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বার্তা হলো তাদের উচিত পূর্ণ সাহসিকতার সাথে দায়িত্ব গ্রহণ এবং ফিলিস্তিনের অধিকার আদায়ের সাথে সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন করা।’

সূত্র: বাসস

পূর্ববর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের
পরবর্তী স্থানীয় সরকারসহ সব নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে: তথ্যমন্ত্রী