প্রধানমন্ত্রীর সঙ্গে মায়েরস্ক গ্রুপের প্রধান কর্মকর্তার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মায়েরস্ক গ্রুপের প্রধানের সাক্ষাৎ - জাতীয় - ২৮ আগস্ট ২০২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে মায়েরস্ক গ্রুপের প্রধানের সাক্ষাৎ - জাতীয় - ২৮ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২৮ আগস্ট, ২০২৩ : ডেনিশ শিপিং এবং লজিস্টিক জায়ান্ট মায়েরস্ক গ্রুপের প্রস্তাবিত চট্টগ্রামের লালদিয়ায় একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মানের বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লালদিয়ায় নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে মায়েরস্ক গ্রুপের প্রস্তাব বিবেচনা করবে।’
মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি’অ্যাফেয়ার্স অ্যান্ড্রেস বি কার্লসেন আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে ৫০টিরও বেশি ডেনিশ কোম্পানি কাজ করছে এবং মায়েরস্ক গ্রুপ এখন লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করতে আগ্রহ দেখাচ্ছে।’
শেখ হাসিনা বলেন,বন্দর উন্নয়নে লজিস্টিক নীতিমালা প্রণয়নে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ইতোমধ্যেই দীর্ঘদিন ধরে চালু রয়েছে এবং সরকার পায়রা বন্দর নামে আরেকটি বন্দর উন্নয়ন করছে এবং শিগগিরই এটি চালু হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত, নেপাল এবং ভুটানকে পারস্পরিক সুবিধার জন্য এই বন্দরগুলো ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, এসব বন্দরে বিশেষকরে পায়রা বন্দরে অনেক সুযোগ ও সুবিধা থাকবে।
জাতির উন্নয়ন ও কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মহান নেতা জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন।
বৈঠকে মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশে কনটেইনার শিপিং এবং লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে।
রবার্ট মায়েরস্ক উগলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্নকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দরে এর প্রতিফলন ঘটবে।
বৈঠকের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস

পূর্ববর্তী সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্টপতি শোক জানিয়েছেন
পরবর্তী আধুনিক ধারার সংবাদপত্রের পথিকৃৎ কাজী শাহেদের ইন্তেকাল