বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার মারা গেছেন

Poet Makid Haider passes away - National - 10 July 2024

www.HelloBangla.News – জাতীয় – ১০ জুলাই, ২০২৪: সত্তরের দশকের অন্যতম কবি মাকিদ হায়দার বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই কবি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

আজ বুধবার (১০ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা জানিয়েছেন, আজ দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত একাডেমির নজরুল মঞ্চে মাকিদ হায়দারের মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। পাবনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন মাকিদ হায়দার।

তিনি ২০১৯ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনার দোহারপাড়ায় কবি মাকিদ হায়দারের জন্ম। তার বাবা হাকিমউদ্দিন শেখ ও মা রহিমা খাতুন। সাত ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। সাত ভাইয়ের বোনও ছিল সাতজন। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সবাই সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত।

মাকিদ হায়দারের প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রোদে ভিজে বাড়ি ফেরা (১৯৭৬), আপন আঁধারে একদিন (১৯৮৪), ও পার্থ ও প্রতিম (২০০৭), কফিনের লোকটি (২০১১), যে আমাকে দুঃখ দিলো (২০১২), প্রিয় রোকানালী (২০১৩), মুমুর সাথে সারা দুপুর (২০১৪)। এছাড়াও তার একটি গল্পগ্রন্থ ও একটি প্রবন্ধের বই রয়েছে।

পূর্ববর্তী পরিকল্পনামন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক
পরবর্তী ইসরায়েলি হামলায় গাজার আশ্রয়কেন্দ্রে ২৯ ফিলিস্তিনি নিহত