www.HelloBangla.News – জাতীয় – ১৪ মার্চ, ২০২৪: প্রধানমন্ত্রী বলেন, সোনালী আঁশ সোনালী দিনের হাতছানি দিচ্ছে, যথাযথ কাজে লাগাতে হবে। পরিবেশবান্ধব পণ্য হিসেবে পাট ব্যবহারে সুযোগ বেড়েছে। পাট থেকে উৎপাদিত রপ্তানিপণ্যে প্রণোদনা দেবে সরকার।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে। পাটের বহুমুখী উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করতে হবে। পাট কৃষিপণ্য আবার শিল্পের কাঁচামাল। রফতানিও হয়। এটি কৃষিরও প্রণোদনা পায় না, আবার রফতানিরও প্রণোদনা পায় না। আমি পরিবেশবান্ধব এ পণ্যটিকে কৃষিজাত ও রফতানিমুখী পণ্যের স্বীকৃতি এবং প্রণোদনা দেব।”
তিনি বলেন, “সোনালী আঁশ, সোনার বাংলা গড়ে তোলায় বিরাট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সমৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে। জাতির পিতার ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় সহায়ক হবে। এজন্য পাটের বহুমুখী ব্যবহারে নানা উদ্যোগ নেবো।”
সরকারপ্রধান বলেন, “অনেক পাটকল অলাভজনক ছিল। সেগুলো বন্ধ করে দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা দিয়েছি। সম্পূর্ণ নগদ টাকা হাতে দেইনি। পারিবারিক সঞ্চয় করে দিয়েছিলাম।”
প্রধানমন্ত্রী বলেন, “পাটের জন্ম রহস্য উদ্ভাবন করেছি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে বৈজ্ঞানিকরা গবেষণা করে। আমি তাদের সুযোগ করে দিয়েছি। এতে পাটের জন্ম রহস্যের উদ্ভাবন হয়েছে। তাতে পাটের গুরুত্ব বেড়েছে। পাটের বহুমুখী ব্যবহার হয়। পাটের ফার্নিচার ও আসবাবপত্র বানানো যায়। গাছের ওপর নির্ভরশীলতা কমিয়েছে। এটি পরিবেশবান্ধব পণ্য হওয়ায় আমাদেরও সুযোগ বেড়েছে। এ পাট শিল্পকে কীভাবে আরও প্রসার করা যায়, সুযোগ করে দিয়েছি। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বাড়াতে পারলে রফতানির পথ সুগম হবে। রফতানিমুখী পণ্য উৎপাদন বাড়াতে হবে।”
তিনি বলেন, “১৫ আগস্ট জাতির পিতার হত্যার পর বাংলাদেশ আর এগোতে পারেনি। আমাদের সম্পদ সীমিত। এটাকে কাজে লাগাতে জাতির পিতা উদ্যোগ নিয়েছিলেন। এই পাটকে কাজে লাগাতে বঙ্গবন্ধুই প্রথম উদ্যোগ নিয়েছেন। পাট আমাদের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। পাটকে বলা হয় সোনালী আঁশ। পাট যেমন কৃষিপণ্য অন্যদিকে এটি ইন্ডাস্ট্রির কাঁচামাল। কিন্তু এটি পরিবেশবান্ধব পণ্য। পাটের কোনো কিছুই ফেলা যায় না। পাটের সব কিছুই কাজে লাগে। কৃষক যেক্ষেতে পাট চাষ করে, সেটায় আবার ধান চাষ করে। কারণ পাট পাতা পঁচে মাটির উর্বরতা বাড়ায় “
এ সময় প্রধানমন্ত্রী ছয়টি জুটমিল উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গাজী গোলাম দস্তগীরসহ সরকারের পদস্থ কর্মকর্তা এবং অংশীজন উপস্থিত ছিলেন।
পাট দিবেসে পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান :
পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা গ্রহণ করেছেন।
১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক ২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি ৩. সেরা পাট উৎপাদনকারী চাষি ৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ৫.পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল ৭.পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল ৯. বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান ১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং ১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা, এ ১১টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হয়েছে।










