তিস্তার জন্য ভারতের কারিগরি দল আসবে: পররাষ্ট্রমন্ত্রী

www.HelloBangla.News – জাতীয় – ২৩ জুন, ২০২৪: তিস্তার জন্য ভারতের কারিগরি দল আসবে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “তিস্তার জন্য বাংলাদেশে ভারতের কারিগরি দল আসবে। এটা ইতিবাচক। তবে তিস্তা নিয়ে সেখানে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।”

আজ রবিবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শনিবার (২২ জুন) দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত সফর খুব ফলপ্রসু ছিল। সেখানে তিস্তা নদী ও অভিন্ন যৌথ নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে।”

মন্ত্রী জানান, “বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে জাতিগত সংঘাত চলছে, সে বিষয়ে চীন প্রসঙ্গ এসেছে।”

ভারত ই-মেডিকেল  ভিসা কবে থেকে চালু করবে জানতে চাইলে মন্ত্রী জানান, এটা সিদ্ধান্ত হয়েছে, তবে দিনক্ষণ ওরা (ভারত) বলতে পারবে।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সৌদি আরবে হজ করতে গিয়েছিলাম। সেখানে সৌদি যুবরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, ইনশাল্লাহ।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাছান মাহমুদ বলেন, “আমদের সামনে অনেক চ্যালেঞ্জ। স্বাধীনতাবিরোধী অপশক্তি ঘাপটি মেরে আছে। সাম্প্রদায়িক অপশক্তি এখনো আছে। তারা ফনা তুলে দাঁড়ায়। বিএনপি এসব অপশক্তিকে আশ্রয় দিচ্ছে।”

পূর্ববর্তী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী ওয়াকার-উজ-জামান সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন