আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

www.HelloBangla.News – জাতীয় – ২৯ জুলাই, ২০২৪: আজ থেকে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে একইসঙ্গে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে দুপুর ১২টায় এর শুনানি হবে।

এদিকে রবিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি ‘প্রত্যাহারের’ ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। পরে এ ঘোষণা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে সংগঠনটির অন্য সমন্বয়করা। কর্মসূচি অনুযায়ী, আজ (সোমবার) সারাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতা ও বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে র‌্যাব। তবে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। যদিও র‌্যাব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তা অস্বীকার করা হয়।

পূর্ববর্তী কোটাবিরোধী আন্দোলনের কারণে প্রবাসী আয় কমেছে
পরবর্তী সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার শোক