www.HelloBangla.News – জাতীয় – ১১ মার্চ, ২০২৪: চট্রগ্রাম ও সিলিট মেডিকেল কলেজ পরিদর্শনের পর আজ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন করেন।
আজ সোমবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগলো, অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না। এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং ডিস্ট্রিক হসপিটাল বা অন্য যেগুলো আছে, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে “
মন্ত্রী বলেন, “রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হাসপাতাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করবো সেটিকে সচল করার। সেটিকে সচল করে এখানকার রোগীর চাপটা কমানোর চেষ্টা করবো। কিছু জনবলের ঘাটতি আছে, সেটি সমাধান করতে পারবো ।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আরও বলেন, “অভিযান কথাটা একটু অন্যরকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না। একটা অপারেশন করতে যা যা দরকার সেটা ছাড়া কোনোদিনই কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।”
স্বাস্থ্যমন্ত্রী দুই দিনের এক সরকারি সফরে রাজশাহী গেছেন। প্রথম দিন নওগাঁ এবং দ্বিতীয় দিন (আজ, সোমবার) রাজশাহীতে সরকারি সফর শেষে করেন।










