শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণ আটক

Gold seized at airport - Economy - 3 July 2024

www.HelloBangla.News – অর্থনীতি – ৩ জুলাই, ২০২৪: কাস্টমস গোয়েন্দারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ৪২০ গ্রামের একটি স্বর্ণের চালান আটক করেছে। আটক ৩৮ পিস গোল্ডবারের অনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। বারগুলি বিমানের সিটে পরিত্যক্ত অবস্থায় স্কসটেপে মোড়ানো ছিলো।

আজ বুধবার (৩ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়। মাস্কাট থেকে আগত সালাম এয়ার এয়ারলাইন্সের ফ্লাইট নং ওভি-৪৯৭ আনুমানিক আজ বুধবার ভোর সাড়ে ৫ টায় ল্যান্ড করে। ওই বিমানের সিট নম্বর ২ (ডি-ই-এফ) এর ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে ওই বিমানে দায়িত্বরত সকলের সামনে ভিডিও ধারণপূর্বক কালো স্কসটেপে মোড়ানো বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে নিয়ে এসে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কসটেপ কেটে ৩৮ পিস (প্রতি পিস দশ তোলা) গোল্ডবার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।

উদ্ধার হওয়া গোল্ডবারের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। আটক স্বর্ণগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী ভারতে ভোলে বাবার সৎসঙ্গ অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১২১ জন
পরবর্তী কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল