৯ উইকেটের বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু করল ইংল্যান্ড

৯ উইকেটের বড় হার ইংল্যান্ডের - খেলাধুলা - ০৬ অক্টোবর ২০২৩
৯ উইকেটের বড় হার ইংল্যান্ডের - খেলাধুলা - ০৬ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ০৬ অক্টোবর, ২০২৩: ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছিলো ইংল্যান্ড।

শিরোপা ধরে রাখার মিশনে এবারও শক্তিশালী দলই গড়েছে তারা। কিন্তু প্রথম ম্যাচে সেই নিউজিল্যান্ডের কাছে কোনো পাত্তাই পেল না গতবারের চাম্পিয়নরা। আহমেদাবাদে ৯ উইকেটের বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু করলো ইংল্যান্ড।

ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- কোনো বিভাগেই নিজেদের ছাপ রাখতে পারেনি ইংল্যান্ড। বর্তমান যুগে ২৮২ রান খুব বেশি বড় সংগ্রহ নয়। তবে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের ব্যাটে সেটা আরও মামুলি হয়ে পড়ে। এমন বাজে পারফরম্যান্সের পর বাটলার জানালেন তারাও মানুষ রোবট নয়।

ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমরা তো রোবট নই। মাঝে মাঝে আপনি যেভাবে চাইবেন, সেভাবে খেলতে পারবেন না। সবাই কঠোর পরিশ্রম করছে, সবার প্রস্তুতি ভালো। তবে আমরা একটু নিষ্প্রভ ছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে যখন আপনি একটু পিছিয়ে থাকবেন আর প্রতিপক্ষ অনেক ভালো খেলবে, আপনি ম্যাচ হারবেন। আমাদের অনেক কাজ করার আছে, দীর্ঘ একটি টুর্নামেন্টে আরও ভালো করার সুযোগ আছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে এমন হার হজম করা কঠিন বলে জানালেন বাটলার। তিনি বলেন,  ‘অনেক লম্বা টুর্নামেন্টের শুরুতে এটি কেবল একটি হার মাত্র। যা আমাদের সবাইকে মনে রাখতে উৎসাহিত করবে। এই হার মেনে নেওয়া কঠিন অবশ্যই। তবে জেতার পর আমরা খুব একটা উঁচুতে উঠি না একইভাবে হারের পর খুব একটা ভেঙেও পড়ি না। ‘

২৮৩ রানের লক্ষ্য নিউ জিল্যান্ড ছুঁয়ে ফেলে ৩৬.২ ওভারে। ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম ২৫০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়া করে জয় এটি। আগের রেকর্ডটি ছিল ভারতের। ২০১৫ আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত ২৬০ রান তাড়া করে জিতেছিল ৩৬.৫ ওভারে।

দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটি গড়েন কনওয়ে ও রবীন্দ্র। বিশ্বকাপে যে কোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ এবং নিউ জিল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি এটি। ১৯৯৬ আসরে চতুর্থ উইকেটে লি জার্মন ও ক্রিস হ্যারিসের ১৬৮ রানের জুটি ছিল কিউইদের আগের রেকর্ড।

পূর্ববর্তী রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
পরবর্তী গত ২২ বছরের মধ্যে বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে অক্টোবরে