কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

DMP Commissioner - National - 15 July 2024 Strict action if law and order is broken

www.HelloBangla.News – জাতীয় – ১৫ জুলাই, ২০২৪: কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, “চলমান কোটা আন্দোলনের বিষয়টি আদালতের বিষয়। আদালত যে আদেশ দেবেন সেটিকে শ্রদ্ধা ও মানা নাগরিকের দায়িত্ব। আমরা আদালতের নিয়ম মানতে বাধ্য। পুলিশ যেসব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করবে সেটি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই করবে। যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গে কোনো ধরনের অপতৎপরতা চালায়, সেটি যেই হোন তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।”

আজ সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকায় পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “পবিত্র আশুরার অনুষ্ঠান উপলক্ষ্যে ইমামবাড়ায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তাজিয়া মিছিলের আগে-পেছনে ডানে-বামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভি ও সাইবার চেকিংসহ যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দরকার তা নেওয়া হয়েছে। ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল নিয়ে যেখানে যাওয়া হবে সেখানেও পুলিশের উপস্থিতি থাকবে। তাজিয়া মিছিলের সঙ্গে সঙ্গে পুলিশ থাকবে।”

তিনি বলেন, “আমরা মিছিলে অংশগ্রহণকারীদের অনুরোধ জানিয়েছি তারা যেন ছুরি চাকু ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ না করেন। তাজিয়া মিছিলে পতাকা রাখার একটি বিধান রয়েছে, কিন্তু সেই পতাকা যেন বেশি উঁচু না হয় যাতে করে ইলেকট্রিক তারের সঙ্গে সংযোগ না হয় সে বিষয়ে অংশগ্রহণকারীদের সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় মিটিং করে সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি আজ, আগামীকাল ও পরশুদিন এই তিন দিনব্যাপী এ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে।”

ডিএমপি কমিশনার বলেন, “আমরা ইতোমধ্যে নিরাপত্তার স্বার্থে ইমামবাড়ার আশেপাশে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। সিভিল পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের সদস্যরা মোতায়েন রয়েছে। ইমামবাড়ার সন্নিকটে যেসব উঁচু ভবন রয়েছে সেখান থেকে অন্তর্ঘাতমূলক কোনো কর্মকাণ্ড যাতে পরিচালিত না হতে পারে সে কারণে সেখানে পুলিশের উপস্থিতি থাকবে।”

তাজিয়ে মিছিল ও পবিত্র আশুরাকে কেন্দ্র করে জঙ্গিদের কোনো হুমকি রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ঢাকার পুলিশ প্রধান বলেন, “যেহেতু অতীতে তাজিয়া মিছিলে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেহেতু এই বিষয়টি মাথায় রেখে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।”

পূর্ববর্তী আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সরকারের করার কিছুই নেই: সেতুমন্ত্রী
পরবর্তী মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী