আন্দোলনের আরও দুই সমন্বয়ক ডিবির হেফাজতে

www.HelloBangla.News – জাতীয় – ২৭ জুলাই, ২০২৪: ব্যক্তিগত নিরাপত্তা দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

আজ শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার।

তিনি বলেন, আজ সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে হেফাজতে নেয় ডিবি। পরে রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, নিরাপত্তার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে সরকার: প্রধানমন্ত্রী
পরবর্তী কোটা আন্দোলন নিয়ে টুর্ককে বিশ্বের ১৪০ জন বিশিষ্ট ব্যক্তির চিঠি