www.HelloBangla.News – জাতীয় – ৭ জুলাই, ২০২৪: আমরা সৎ থাকলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিন বলেন, “আমরা সৎ থাকলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। আমরা কোনো অবস্থাতেই শ্রীলঙ্কার দৃষ্টান্তের পুনরাবৃত্তি চাই না।”
আজ রবিবার (০৭ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, “আমরা কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সময়মতো সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি বলেন, “শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে এটাতো সরকারের সিদ্ধান্ত না, আদালত রায় দিয়েছে। এটা আদালতের এখতিয়ার।তারপরও আমাদের দেশের ব্যাপার, শিক্ষাপ্রতিষ্ঠান; আমরা পর্যবেক্ষণ করছি।”
সেতুমন্ত্রী বলেন, “শিক্ষদের সঙ্গে বসাবসি কখন হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না।”
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “সম্পদের হিসাব দিতে পারে, এটা দেওয়া উচিৎ। এখানে আপত্তি কোথায়? আমি যদি সৎভাবে কাজ করি দিতে আপত্তি কী?”
প্রধানমন্ত্রী ভারত সফর থেকে আসার পর বিএনপিসহ বিরোধীরা যখন সমালোচনা করল, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল- তারা না পড়ে না বুঝে এ কথা বলছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমি সে কথাও বলব না। আমি বলব আন্দোলনে ব্যর্থ বিএনপি ও সমমনা দল নিজেরা পারে না, আজকে তারা পরজীবী আন্দোলন করছে। এটাকে তাই বলতে হবে কোটার ওপর ভর করেছে, পেনশনের ওপর করেছে। নিজেরা ব্যর্থ, অন্যদের ওপর ভর করে আজকে শিকার করতে চায়। তারা স্বপ্ন দেখছে তো, দিবাস্বপ্ন।”










