www.HelloBangla.News – লাইফস্টাইল – ২১ মার্চ, ২০২৪: ইফতারে দই বড়া হতে পারে পেট ঠান্ডা করা একটি খাবার! হজমে সহায়ক ও তৃপ্তিদায়ক। বানাতে ঝামেলা মনে হলেও কয়েকটি স্টেপ ফলো করে আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন কিন্তু মজার দই বড়া।

উপকরণ:
সবুজ চাটনী-পুদিনা পাতা-১/২ কাপ, ধনেপাতা-১/২ কাপ, কাঁচা মরিচ-৪টা, রসুন -৩/৪ কোয়া, সাথে একটু লবন ও চিনি দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে সবুজ চাটনী।
তেতুলের চাটনী- তেতুল সামান্য পানিতে ভিজিয়ে তাতে চিনি, লবন, সামান্য গুড়া মরিচ ও ভাজা জিরার গুড়া মিশিয়ে কচলে নিলেই হয়ে যাবে তেতুলের চাটনী।
বড়া-১ কাপ কাঁচা মাশকলাই ডাল সারা রাত পানিতে ভিজিয়ে পানি ঝড়িয়ে সকালে ব্লেন্ড করে নিয়ে সামান্য লবন দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে যাতে বাতাস ঢুকে ফেপে উঠে। এবার ডুবো তেলে সব বড়া ভেজে নিতে হবে।
প্রণালী:
একটা বড় বাটি পানিতে সামান্য লবন ও তেতুলের চাটনী থেকে ২ চা চামচ চাটনী মিশিয়ে বড়া গুলো ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য। নির্দিষ্ট সময়ের পর দুই হাত দিয়ে হাল্কা চেপে বড়া থেকে পানি ঝড়িয়ে নিয়ে তুলে রাখতে হবে।
এবার টক দই ২ কাপ মিস্টি দই এক কাপ সাথে ভাজা জিরার গুড়া, মরিচের গুড়া, বিট লবন ও ১চা চামচ সবুজ সস দিয়ে ভালো মত মিশিয়ে নিতে হবে। এবার একটা সার্ভিং ডিশ এ কিছুটা দই এর মিশ্রণ ঢেলে একটা করে বড়া দই এ ডুবিয়ে ডিশ এ সাজিয়ে রাখতে হবে। সব গুলা দেয়া হয়ে গেলে উপরে বাকী দই এর মিশ্রন ঢেলে দিয়ে তেতুলের সস, সবুজ সস ও সামান্য মরিচের গুড়া ছিটিয়ে সাজিয়ে ফ্রিজ এ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে দই বড়া। ( শুধু টক দই দিয়েও করা যাবে সে ক্ষেত্রে চিনি মিশিয়ে নিতে হবে স্বাদ মত)
রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা










