www.HelloBangla.News – জাতীয় – ২২ নভেম্বর, ২০২৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক হয়েছে। আজ বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খানসহ আওয়ামী লীগের শীর্ষ আরও কয়েক নেতা অংশ নিয়েছেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের।
সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কীভাবে করবে সেটি পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) ব্যাপার। নির্বাচন সম্পন্ন করার একটি সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এই সময়সীমার ভেতরে থেকে ভোট সম্পন্ন করতে হবে। এমতাবস্থায় নির্বাচন কমিশন যদি মনে করে ভোট কিছুদিন পেছানো দরকার সেটি তারা করতে পারে। এখানে আওয়ামী লীগ বা সরকারের কিছু বলার নেই।’
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং নির্বাচন কমিশনকে আইনগত কাঠামো দিয়ে যুক্ত করেছে আওয়ামী লীগ সরকার। সংসদীয় আইনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আইনের সংস্কার করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়।
সেতুমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে গণতন্ত্রের দিক থেকে পারফেক্ট কোনো দেশ আছে কি না এমন প্রশ্ন করা হয়েছে কমনওয়েলথ প্রতিনিধিদের। এত অপপ্রচারের পরেও নির্বাচনের জন্য কমনওয়েলথ প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন, এটা একটি পজিটিভ বিষয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আসবে না বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে। একটি দলকে ঘিরে নির্বাচনে সিদ্ধান্ত হতে পারে না।’
বিদেশিদের মতামত প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত কারো নেতিবাচক কোনো মতামত দেখিনি, তবে বিদেশিদের মতামতে আমাদের মাথাব্যথাও নেই।,










