www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ জুলাই, ২০২৪: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারসভায় এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছেন, ‘আমিই (ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী। এ সময় উপস্থিত সমর্থকদের ‘হাল ছেড়ো না’ বলে তাকে সমর্থন দিতে দেখা যায়।
জনসভায় উপস্থিত সবার উদ্দেশে বাইডেন বলেন, আপনাদের মতো ১ কোটি ৪০ লাখ ডেমোক্রেট প্রাইমারিতে আমাকে ভোট দিয়েছেন। আপনারাই আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ না। প্রেস নয়, পন্ডিত নয়, অভ্যন্তরীণ কোনো শক্তি নয়, দাতারা নয়… আপনারা ভোটাররা সিদ্ধান্ত দিয়েছেন, অন্য কেউ নয়, আর আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না।
বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য ডেমোক্র্যাট আইন প্রণেতা এবং দাতাদের দিক থেকে চাপ বাড়ছিল। তবে এই জনসভায় দেখা গেল বাইডেনকে নির্বাচনী দৌড়ে চেয়ে মানুষকে স্লোগান দিতে।
প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বেশ কিছু কথা বলেন বাইডেন। নানা প্রসঙ্গে ট্রাম্পকে নিয়ে কথা বলেন তিনি। বাইডেন ট্রাম্পকে দণ্ডপ্রাপ্ত অপরাধী বলেও আখ্যায়িত করেন।
ডোনাল্ড ট্রাম্প দেউলিয়া হওয়ার জন্য ৬ বার ফাইল করেছিলেন বলেও উল্লেখ করেন বাইডেন।
আগের দিন বৃহস্পতিবার বাইডেন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিসের সঙ্গের বৈঠক করেন। বৈঠক শেষে এক চিঠিতে তিনি বাইডেনকে সমর্থন দিয়েছেন বলে রয়টার্স জানায়। তবে সিএনএন জানায়, হাকিম সরাসরি বাইডেনকে সমর্থন দেননি।
এদিন সকালের দিকে নিজ দলের প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য জেমস ক্লাইবার্ন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমও বাইডেন সমর্থন দিয়েছেন। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইনও বাইডেন সমর্থন দিয়েছেন। ইতিপূর্বে তিনি বাইডেনের বিজয়ের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন শেষ এক ঘণ্টার একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন বাইডেন। সেখানে তিনি ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জায়গায় ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জায়গায় পুতিনের নাম বলে আরও চাপে পড়েন।










