পার্থ টেস্টে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার রান ৩৪৬/৫

পার্থ টেস্টে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার রান ৩৪৬-৫ - খেলাধুলা - ১৪ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
পার্থ টেস্টে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার রান ৩৪৬-৫ - খেলাধুলা - ১৪ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ ডিসেম্বর, ২০২৩: প্রায় এক মাস আগে নিজ দেশের মাটিতে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সব দিক দিয়ে খুব ভালো মেজাজে রয়েছে অস্ট্রেলিয়া। তবে এখন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে খেলছে পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তান খুব একটা সুবিধা করতে পারেনি। বিশ্বকাপের পর থেকেই টালমাটাল সময় কাটছে পাকিস্তানের। অধিনায়ক, কোচ, নির্বাচক- সবকিছুতেই পরিবর্তন আনে তারা।

আজ থেমে পার্থে শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। প্রথম দিনে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত এক সেঞ্চুরিতে স্বাগতিকরা ৫ উইকেটে করেছে ৩৪৬ রান।

ঘাসের উইকেটে পাকিস্তানের তিন পেসারের মধ্যে দুইজনে অভিষেক হয়েছে আজই। কিন্তু প্রথম সেশনে কেউই ওয়ার্নারের ব্যাটিংয়ের সামনে জবাব তৈরি করতে পারেননি। তাই কোনো উইকেট না হারিয়েই ১১৭ রান নিয়ে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় সেশনের শুরুতে সঠিক চ্যানেলে বল করতে থাকেন শাহিন আফ্রিদি। তাতে চাপে পড়ে যান উসমান খাজা। বাঁহাতি এই ওপেনারের বিদায়ে ভাঙে ১২৬ রানের জুটি। উইকেটের পেছনে থাকা সরফরাজ আহমেদকে ক্যাচ দেওয়ার আগে ৪১ রান করেন তিনি। এরপর মার্নাস লাবুশেনও (১৬) থিতু হওয়ার সুযোগ পাননি।

প্রথম বল থেকে আগ্রাসী খেলা ওয়ার্নার লাঞ্চের পর কিছুটা ধরে খেলতে থাকেন। স্টিভেন স্মিথের সঙ্গে জুটি বেঁধে তুলে নেন ক্যারিয়ারের ২৬তম শতক। চুপ করিয়ে দেন সমালোচকদের।

চা-বিরতির পর খুররাম শেহজাদের বলে স্মিথ (৩১) আউট হলে ভাঙে ৭৯ রানের জুটি। এরপর ট্রাভিস হেডও বড় জুটি করার চেষ্টা করেন ওয়ার্নারের সঙ্গে। কিন্তু  তা ভেঙে যায় ৬৬ রানেই। তবে ৫৩ বলে ৬ চারে ৪০ রানে ছোটখাট এক বিধ্বংসী ইনিংস খেলে যান হেড।

সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির পথে ছুটতে থাকেন ওয়ার্নার। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তবে এবার থামতে হলো ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় ১৬৪ রান করে। আমির জামালের শর্ট ডেলিভারিতে হুক করতে গিয়ে ধরা পড়েন ইমাম উল হকের হাতে।

শেষ সেশনে তিন উইকেট নিলেও অজিদের রানের গতি আটকাতে পারেনি পাকিস্তান। মিচেল মার্শ ১৫ ও অ্যালেক্স ক্যারি ১৪ রানে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

 

পাকিস্তানের একাদশ:

ইমাম–উল–হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল ও খুররম শেহজাদ।

 

অস্ট্রেলিয়ার একাদশ:

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

পূর্ববর্তী গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
পরবর্তী শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার সমাধিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা